২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

ইংল‍্যান্ড লায়ন্সের কোচ হলেন ট্রট

ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা সফরে ইংল‍্যান্ডের দ্বিতীয় সেরা দলকে কোচিং করাবেন সাবেক এই ব‍্যাটসম‍্যান।

ইংল‍্যান্ড লায়ন্সের কোচ হলেন ট্রট

জোনাথন ট্রট। ফাইল ছবি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 21 Sep 2026, 09:59 PM

Updated : 21 Sep 2026, 09:59 PM

অ‍্যান্ড্রু ফ্লিন্টফের জায়গায় ইংল‍্যান্ড লায়ন্স দলের জন‍্য নতুন প্রধান কোচ খুঁজে নিয়েছে ইসিবি। ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা সফরে ইংল‍্যান্ডের দ্বিতীয় সেরা দলকে কোচিং করাবেন সাবেক ব‍্যাটসম‍্যান জোনাথট ট্রট।

গত অগাস্টে প্রধান কোচের পদ থেকে সরে যান ফ্লিন্টফ। চলতি মাসে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম‍্যাচের টি-টোয়েন্টি সিরিজে লায়ন্স দলের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে কাজ করেন ট্রট। শীতকালীন সিরিজগুলোর জন‍্যও তাকে নিয়োগ দেওয়ার কথা সোমবার নিশ্চিত করেছে ইসিবি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর গত ফেব্রুয়ারিতে আফগানিস্তানের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ান ট্রট। এই গ্রীষ্মে স্বল্প সময়ের জন‍্য আয়ারল‍্যান্ড ও গ্ল‍্যামরগান দলের সঙ্গে কাজ করেন তিনি।

বিগ ব‍্যাশ লিগের দল সিডনি থান্ডারের কোচ হওয়ার পর লায়ন্সের দায়িত্ব থেকে সরে যান ফ্লিন্টফ। কোনো এক সময়ে ইংল‍্যান্ড জাতীয় দলকে কোচিং করানোর ইচ্ছার কথা আগেই বলেছিলেন ট্রট। লায়ন্স দলে কাজ করার মধ‍্য দিয়ে সেই লক্ষ‍্য পূরণের পথে এক ধাপ এগিয়ে যাওয়ার সুযোগ তার সামনে।

লায়ন্সের হয়ে ২২ ম‍্যাচ খেলার অভিজ্ঞতা আছে ট্রটের। ২০০৯ সালে টেস্ট দলে ডাক পাওয়ার ক্ষেত্রে সেই ম‍্যাচগুলোর পারফরম‍্যান্সের ছিল বড় ভূমিকা। এবার সেই দলকে কোচিং করানোর সুযোগ পেয়ে ভীষণ খুশি ও রোমাঞ্চিত তিনি।

আগামী ২৮ অক্টোবর থেকে ২০ নভেম্বর পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ সফর করবে লায়ন্স। এর আগে অক্টোবরে একটি অনুশীলন ক‍্যাম্প করবে তারা। পরে ২৫ নভম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত তারা খেলবে দক্ষিণ আফ্রিকায়। আর ১৮ ফেব্রুয়ারি থেকে ১৪ মার্চ পর্যন্ত সফর করবে শ্রীলঙ্কায়।