২৫ অক্টোবর ২০২৬, ০৯ কার্তিক ১৪৩৩

উইন্ডিজ সিরিজে থাকছেন না আশরাফুল, ব‍্যাটিং কোচ সালাউদ্দিন

বাংলাদেশ দলের টানা ব‍্যাটিং ব‍্যর্থতায় প্রবল সমালোচনার মুখে ছিলেন সাবেক এই অধিনায়ক।

উইন্ডিজ সিরিজে থাকছেন না আশরাফুল, ব‍্যাটিং কোচ সালাউদ্দিন

মোহাম্মদ আশরাফুল

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 24 Oct 2026, 10:24 PM

Updated : 24 Oct 2026, 10:50 PM

ব‍্যাটিংয়ে জাতীয় দলের টানা ব‍্যর্থতায় প্রবল চাপে থাকা মোহাম্মদ আশরাফুল থাকছেন না ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে। সাবেক এই অধিনায়কের জায়গায় অন্তর্বর্তীকালীন ব‍্যাটিং কোচ হিসেবে লিটন দাস, মুশফিকুর রহিমদের সঙ্গে কাজ করবেন মোহাম্মদ সালাউদ্দিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিসকে শনিবার রাতে এই তথ‍্য নিশ্চিত করেছেন ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস।

“মোহাম্মদ আশরাফুলের সঙ্গে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত বিসিবির চুক্তি আছে। তবে এই ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তিনি জাতীয় দলের সঙ্গে থাকছেন না। আপাতত এই সিরিজের জন্য অন্তর্বর্তীকালীন ব্যাটিং কোচ হিসেবে মোহাম্মদ সালাউদ্দিন কাজ করবেন।”

গত নভেম্বরে জাতীয় দলের ব‍্যাটিং কোচ হিসেবে নিয়োগ পান আশরাফুল।

গত জুন-জুলাইয়ে জিম্বাবুয়েতে একটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলে বাংলাদেশ। ওই সফরে একমাত্র টেস্ট ও ওয়ানডে সিরিজ হারে প্রবল সমালোচনা হয় দলের ব‍্যাটিংয়ের। 

পরে অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্টে জেতে বাংলাদেশ। এদের বড় ভূমিকা রাখে প্রথম ইনিংসে তাদের ৪২৬ রান। দ্বিতীয় টেস্টে ফের খেই হারায়, অলআউট হয় ৬৪ ও ৯৫ রানে।

সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে হারে বাংলাদেশ। কোনো ম‍্যাচেই ব‍্যাটিংয়ে ভালো করতে পারেনি তাওহিদ হৃদয়ের নেতৃত্বাধীন দল। জিম্বাবুয়ের বিপক্ষে ২৭১ রান তাড়ায় থামে ১৭২ রানে। পরে আফগানিস্তানের বিপক্ষে আগে করে গুটিয়ে যায় কেবল ১৬০ রানে।

দলের টানা ব‍্যাটিং ব‍্যর্থতায় বেশ সমালোচনার মুখে ছিলেন আশরাফুল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্ট শুরুর স্রেফ চার দিন আগে সরিয়ে নেওয়া হলো তাকে। বিসিবির বিবৃতিতে বলা হয়েছে, বোর্ডে নতুন কোনো ভূমিকায় কাজ চালিয়ে যাবেন আশরাফুল।

আপাতত ব‍্যাটিং কোচ নিয়ে খুব তাড়া হুড়া করছে না বিসিবি। এইচপির প্রধান কোচকে দুই ম‍্যাচের টেস্ট সিরিজে ভারপ্রাপ্ত ব‍্যাটিং কোচ করেছে তারা। পরবর্তীতে নতুন ব‍্যাটিং কোচ খুজে নেওয়ার কাজ শুরু করবে বিসিবি। কাউকে নিয়োগ দেওয়ার আগ পর্যন্ত কাজ চালিয়ে যাবেন সালাউদ্দিন।