বার্সালেনায় ফেরা ‘ভাগ্যের ওপর’ ছেড়ে দিলেন ইনিয়েস্তা
একদিন কাম্প নউয়ে কোচিং করাতে চান আন্দ্রেস ইনিয়েস্তা, কিন্তু এ নিয়ে কোনো আসক্তি নেই তার।
প্রশ্নটা অবধারিত- কোচিং যখন শুরু করেছেন, তখন ভবিষ্যতে কি প্রিয় কাম্প নউয়ে ফিরতে চান আন্দ্রেস ইনিয়েস্তা? সম্ভাবনা উড়িয়ে দিলেন না বার্সেলোনা কিংবদন্তি। তবে সাবেক ক্লাবকে কোচিং করানো নিয়ে আসক্তি নেই তার, ছেড়ে দিলেন ভাগ্যের ওপর।
অবসর নেওয়ার পর, এখন কোচিং করাচ্ছেন ৪২ বছর বয়সি ইনিয়েন্তা। গত জুনে তিনি দায়িত্ব নেন সংযুক্ত আরব আমিরাতের ক্লাব গালফ ইউনাইটেডের।
মুন্দো দেপোর্তিভোকে স্পেনের বিশ্বকাপজয়ী সাবেক মিডফিল্ডার বলেছেন, ক্যারিয়ারের এই পর্যায়ে বার্সেলোনায় ফেরার কোনো পরিকল্পনা করছেন না তিনি।
“কী হবে, সেটা ভাগ্যই নির্ধারণ করে দেবে। বার্সা আমার জীবনে যে অর্থ বহন করে, সেদিক থেকে আমি কোচিং চালিয়ে গেলে এবং সেখানে কোচ হতে পারলে দারুণ ব্যাপার হবে। তবে এই মুহূর্তে আমার এমন কোনো লক্ষ্য নেই।
“আমি সবসময়ই বলেছি, আমার স্বপ্ন ছিল ফুটবলার হওয়া এবং যখন আমি বার্সেলোনায় যোগ দিই সেই সময়ে আমার লক্ষ্য ও আকাঙ্ক্ষা ছিল: মূল দলের হয়ে সফল হওয়া। সেইসব লক্ষ্য ও চাওয়াগুলো নিয়ে আমি নিজের কাছে খুবই পরিষ্কার ছিলাম।”
বার্সেলোনার সাবেক খেলোয়াড়দের কোচ হয়ে কাম্প নউয়ে ফেরা নতুন কিছু নয়। সবশেষ কোচ হয়ে আসেন শাভি এর্নান্দেস। আপাতত এত কিছু না ভেবে শুধু নিজের কাজটা উপভোগ করে যেতে চান ইনিয়েন্তা।
“আমি পরিকল্পনা করে কোচ হইনি। সময়ই বলে দিবে, কী করা উচিত। তবে এটা সত্যি, আমি শুরুটা উপভোগ করছি। কেবল কোচ হয়েছি বলেই নই, এক সঙ্গে জড়িত সবকিছুর জন্যই।”
