পাকিস্তান ছেড়ে নেদারল্যান্ডসের প্রধান কোচ হলেন নফকে
২০২৭ সালের জুন পর্যন্ত পাকিস্তানের সঙ্গে চুক্তি ছিল অ্যাশলি নফকের, তবে তিনি বিদায় নিচ্ছেন এশিয়ান গেমস শেষে।
নতুন বোলিং কোচ খুঁজতে হবে পাকিস্তানের। এশিয়ান গেমস শেষে সরে যাচ্ছেন অ্যাশলি নফকে। নেদারল্যান্ডস জাতীয় দলের প্রধান কোচ হিসেবে কাজ শুরু করবেন তিনি।
অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডারের সঙ্গে পিসিবির চুক্তির মেয়াদ ছিল আগামী জুন পর্যন্ত। পাকিস্তান ছেড়ে যাওয়া কোচদের তালিকায় সবশেষ সংযোজন তিনি। গত জুলাইয়ে আফগানিস্তানে যোগ দেন ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমট। সাদা বলের ক্রিকেটে পাকিস্তানের ব্যাটিং কোচ হানিফ মালিক ও দীর্ঘ দিনের ফিজিও ক্লিফ ডিকন গত মে মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে সরে যান।
২০২৫ সালের মে মাসে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে পাকিস্তানের বোলিং কোচ হিসেবে যোগ দেন নফকে। ১৮ মাসের কম সময়ের মধ্যে দায়িত্ব ছাড়লেন তিনি। নেদারল্যান্ডস দলে রায়ান কুকের জায়গায় কাজ শুরু করবেন তিনি, চুক্তির মেয়াদ ২০২৮ সালের শেষ পর্যন্ত। এই সময়ে তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে দলকে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ ও ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত পর্বে নিয়ে যাওয়া।
