১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

ব্রাজিলের বিপক্ষে এই জয় বিশ্বকাপেও পথ দেখাবে, বিশ্বাস জাপান কোচের

ব্রাজিলের বিপক্ষে জয় জাপানকে এগিয়ে যেতে সাহায‍্য করবে, বিশ্বাস কোচ হাজিমে মোরিয়াসুর।

ব্রাজিলের বিপক্ষে এই জয় বিশ্বকাপেও পথ দেখাবে, বিশ্বাস জাপান কোচের

জাপান কোচ হাজিমে মোরিয়াসু। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 14 Nov 2026, 10:44 PM

Updated : 14 Nov 2026, 10:44 PM

চার মাস আগে বিশ্বকাপের মঞ্চে সম্ভাবনা জাগিয়েও যে কাজ শেষ করতে পারেনি জাপান, প্রীতি ম‍্যাচে তা করে দেখাল তারা। হারিয়ে দিল পাঁচবারের বিশ্ব চ‍্যাম্পিয়ন ব্রাজিলকে। জাপান কোচ হাজিমে মোরিয়াসুর বিশ্বাস, এই ধরনের জয় বিশ্বমঞ্চেও তাদের সাহায‍্য করবে।

বছরের শেষ আন্তর্জাতিক বিরতিতে ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়েছে জাপান।

শুরুর দিকেই ২-০ গোলে এগিয়ে যায় এশিয়ার দেশটি। বিরতির আগে-পরে দর্শনীয় দুটি গোলে ব্রাজিলকে সমতায় ফেরান ভিনিসিউস জুনিয়র। শেষ দিকের আরেকটি গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে জাপান।

গত জুনে বিশ্বকাপের শেষ বত্রিশে ব্রাজিলের মুখোমুখি হয় মোরিয়াসুর দল। সেবার এগিয়ে যাওয়ার পর শেষরক্ষা করতে পারেনি তারা। গাব্রিয়েল মার্তিনেল্লির গোলে ঘুরে দাঁড়িয়ে ২-১ ব‍্যবধানের জয়ে পরের ধাপে জায়গা করে নেয় কার্লো আনচেলত্তির দল।

এবার সেই ভুল করেনি জাপান। ম‍্যাচ শেষে কোচ বললেন, শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে যাওয়ার প্রত‍্যয় ছিল তাদের।

“আমরা এগিয়ে যাওয়ার পরপরই খেলার গতি ও তীব্রতা বাড়ায় ব্রাজিল। আর এরপর ব‍্যাপারটা ছিল, আমরা কীভাবে প্রতিক্রিয়া দেখাই।

“আমাদের খেলোয়াড়রা বিশ্বের শীর্ষ মানের পারফর্ম করেছে। এই জয়গুলো বিশ্বকাপেও জয়ের পথ তৈরি করে দেয় এবং আমি আশা করি, তারা এর ধারাবাহিকতা বজায় রাখবে।”

বছরের শেষটা অন্তত ভালো করার লক্ষ্যে আগামী মঙ্গলবার স্বাগতিক সিঙ্গাপুরের মুখোমুখি হবে ব্রাজিল। আর প‍্যারাগুয়ের বিপক্ষে খেলবে জাপান।