দ. আফ্রিকার ব্যাটিং কোচ প্রিন্স ও ভেরেইনার শাস্তি
কেপ টাউন টেস্টের তৃতীয় দিনের এই ঘটনায় তিরষ্কৃত হয়েছেন তারা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে কেপ টাউন টেস্টে একই ঘটনায় শাস্তি পেয়েছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স ও উইকেটরক্ষক-ব্যাটসম্যান কাইল ভেরেইনা। ম্যাচের তৃতীয় দিন আইসিসির আচরণবিধি ভেঙে তিরষ্কৃত হয়েছেন তারা।
আইসিসি এক বিজ্ঞপ্তিতে সোমবার জানিয়েছে, আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ জানানোয় শাস্তি পেয়েছেন প্রিন্স ও ভেরেইনা। তাদের নামের পাশে যুক্ত হয়েছে একটি করে ডিমেরিট পয়েন্ট। ২৪ মাসের মধ্যে এটাই তাদের প্রথম ডিমেরিট পয়েন্ট।
দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে ওপেনার মার্কেস অ্যাকারম্যানের আউটের ঘটনায় অসন্তোষ জানিয়ে তিরষ্কার শুনেছেন প্রিন্স ও ভেরেইনা। আম্পায়ার ক্যাচ আউট দেওয়ার পর রিভিউ নেওয়ার চেষ্টা করেন দক্ষিণ আফ্রিকার ওপেনার। আম্পায়ার জানান, ১৫ সেকেন্ড পার হয়ে যাওয়ায় রিভিউ তিনি নিতে পারবেন না।
ব্যাটসম্যান সীমানার দিকে এগিয়ে যাওয়ার সময় বাইরে থেকে প্রিন্স বারবার চিৎকার করে বলছিলেন, এখনও সময় বাকি আছে। আর একাদশের বাইরে থাকা ভেরেইনা সতীর্থ অ্যাকারম্যানকে মাঠেই থাকতে বলেন। এতে ব্যাটসম্যানের মাঠের বাইরে যেতে দেরি হয়।
দোষ স্বীকার করে নিয়েছেন প্রিন্স ও ভেরেইনা। ম্যাচ রেফারি জাভাগল শ্রীনাথের দেওয়া শাস্তিও মেনে নিয়েছেন তারা। তাই কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
এই ঘটনায় সর্বনিম্ন শাস্তি আনুষ্ঠানিক তিরষ্কার। সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা এবং একটি বা দুটি ডিমেরিট পয়েন্ট।
