হামজার দিকে বল ছুড়ে ইবাদতের শাস্তি
জোহানেসবার্গ টেস্টের দ্বিতীয় দিন ফলো থ্রুতে বল ধরে জুবাইর হামজার শরীর বরাবর বল ছুড়ে মারেন ইবাদত হোসেন চৌধুরি।
বল হাতে হতাশাজনক পারফরম্যান্সের পর আচরণবিধি ভাঙার জন্য সাজাও পেলেন ইবাদত হোসেন চৌধুরি। জুবেইর হামজার দিকে বল ছুঁড়ে মারায় আর্থিক জরিমানার সঙ্গে ডিমেরিট পয়েন্ট পেলেন ৩২ বছর বয়সী পেসার।
জোহানেসবার্গ টেস্ট চলাকালেই ম্যাচের চতুর্থ দিন চা বিরতির আগে সংবাদ বিজ্ঞপ্তিতে ইবাদতের শাস্তির খবর জানায় বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা আইসিসি। ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয় ইবাদতকে।
ঘটনা ম্যাচের দ্বিতীয় দিন। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের ১৭তম ওভারে ইবাদতের ফুল লেংথ ডেলিভারি সোজা ড্রাইভ করেন হামজা। ফলো থ্রুতে বল ধরেই ব্যাটসম্যানের শরীর বরাবর থ্রো করে বসেন ইবাদত। তবে আগেই সরে যাওয়ায় হামজার গায়ে লাগেনি বল।
সঙ্গে সঙ্গে ইবাদতকে থামিয়ে স্থির হতে বলেন আম্পায়ার। ইবাদত তখন হাতের ইশারায় বোঝাতে চেষ্টা করেন, ক্রিজের বাইরে বেরিয়েছেন হামজা। তবে সেটি যে ভালোভাবে নেননি মাঠের দুই আম্পায়ার, শাস্তির ঘোষণায়ই তা পরিষ্কার।
মাঠের দুই আম্পায়ার আহসান রাজা ও অ্যালেক্স ওয়ার্ফ এবং টিভি আম্পায়ার আসিফ ইয়াকুব ও চতুর্থ আম্পায়ার লুবাবালো কুমার অভিযোগের ভিত্তির শাস্তির সিদ্ধান্ত জানান ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট।
ইবাদত নিজের অপরাধ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
