২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

রউফের শাস্তি, ইংল্যান্ডকেও জরিমানা

পাকিস্তানের পেসারকে তিরস্কার করার পাশাপাশি অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

রউফের শাস্তি, ইংল্যান্ডকেও জরিমানা

হারিস রউফ। ছবি: আইসিসি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 28 Oct 2026, 06:29 PM

Updated : 28 Oct 2026, 06:28 PM

আইসিসির আচরণবিধি লঙ্ঘন করার দায়ে শাস্তি পেয়েছেন হারিস রউফ। পাকিস্তানের এই পেসারকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করা হয়েছে। জরিমানাও গুনতে হচ্ছে তাকে। সঙ্গে তার নামের পাশে যুক্ত হয়েছে ডিমেরিট পয়েন্ট।

ইংল্যান্ডের বিপক্ষে গত রোববারের ম্যাচে রউফের আচরণবিধির ২.২ ধারা ভঙ্গের কথা বুধবার জানায় আইসিসি। যে ধারায় বলা হয়েছে, ক্রিকেট চেতনার পরিপন্থী আচরণের কথা।

এ কারণে রউফকে ম্যাচ ফির ২০ শতাংশ অর্থদণ্ড দিয়েছে আইসিসি। তার শৃঙ্খলাভঙ্গের রেকর্ডে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। ২৪ মাসের মধ্যে এটি তার তৃতীয় অপরাধ হওয়ায় মোট ডিমেরিট পয়েন্ট বেড়ে হয়েছে পাঁচ।

আইসিসির নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় ২৪ মাসের মধ্যে চার বা তার বেশি ডিমেরিট পয়েন্ট পেলে, সেগুলো দুটি সাসপেনশন পয়েন্টে রূপান্তরিত হয়। আর এই দুই সাসপেনশন পয়েন্টের শাস্তি হিসেবে ওই খেলোয়াড়কে একটি টেস্ট অথবা দুটি ওয়ানডে অথবা দুটি টি-টোয়েন্টি ম্যাচে নিষিদ্ধ করা হয়।

গত বছর এশিয়া কাপে চারটি ডিমেরিট পয়েন্ট পাওয়ায় নভেম্বরে দুই ম্যাচের জন্য রউফকে নিষিদ্ধ করে আইসিসি। ২৪ মাসের মধ্যে আট বা তার বেশি ডিমেরিট পয়েন্ট পেলে দুটি টেস্ট অথবা চারটি ওয়ানডে কিংবা চারটি টি-টোয়েন্টিতে নিষিদ্ধ করা হয়।

রউফের আচরণবিধি ভাঙার ঘটনাটি ঘটে পাকিস্তানের ইনিংসের ৪৬তম ওভারের শেষে। নন-স্ট্রাইক প্রান্তে থাকা রউফ ওয়াইডের আবেদন জানান। এরপর ইংল্যান্ডের অলরাউন্ডার উইল জ্যাকসের সঙ্গে তর্কে জড়ান তিনি। আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহিদের সতর্কবার্তার পরও ব্যাট উঁচিয়ে বাকবিতণ্ডা চালিয়ে যান রউফ।

ওই ম্যাচে মন্থর ওভার রেটের কারণে শাস্তি পেয়েছে ইংল্যান্ডের ক্রিকেটাররা। ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে হ্যারি ব্রুকদের। নির্ধারিত সময়ে লক্ষ্যমাত্রার চেয়ে তিন ওভার কম করেছে তারা।

আইসিসির নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে কম করা প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়।

রউফ ও ইংল্যান্ড অধিনায়ক ব্রুক নিজেদের অপরাধ স্বীকার করে নেন। ম্যাচ রেফারি জেফ ক্রোর প্রস্তাবিত শাস্তিও মেনে নেন তারা। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

ত্রিদেশীয় সিরিজের ওই ম্যাচে ইংলিশদের বিপক্ষে এক উইকেটের নাটকীয় জয় পায় পাকিস্তান। আট নম্বরে নেমে অপরাজিত সেঞ্চুরি করেন শাদাব খান। শেষ উইকেট জুটিতে তাকে দারুণ সঙ্গ দেন রউফ। তাদের অবিচ্ছিন্ন যুগলবন্দীতে আসে ৮৯ রান।

ওই জয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে জায়গা করে নেয় পাকিস্তান। রোববার শিরোপা নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে স্বাগতিকরা।