২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ম্যাচ বাই ম্যাচ’ অধিনায়ক ঠিক করবে ফরচুন বরিশাল

বিপিএলের নতুন আসরের প্রথম ম্যাচে বরিশালের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2023, 06:57 PM

Updated : 07 Jan 2023, 06:57 PM

বিপিএলের নতুন আসরের প্রথম ম্যাচে ফরচুন বরিশালের হয়ে টস করলেন মেহেদী হাসান মিরাজ। তবে এই আসরে তিনিই যে বরিশালকে নেতৃত্ব দেবেন, সেই নিশ্চয়তা নেই। গত আসরের রানার্স আপ এই দলের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি ম্যাচের আগে অধিনায়ক ঠিক করবেন তারা। 

গত আসরে বরিশালের নেতৃত্বে ছিলেন সাকিব আল হাসান। বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক এবারও আছেন এই দলে। টুর্নামেন্ট শুরুর আগের কদিনে অধিনায়কত্ব নিয়ে কোনো ঘোষণা দলের পক্ষ থেকে দেওয়া হয়নি। তবে সাকিবই নেতৃত্ব দেবেন বলে ধরে নিয়েছিলেন অনেকেই। টুর্নামেন্ট শুরুর আগের দিন ট্রফি উন্মোচন অনুষ্ঠানে অবশ্য ছিলেন মিরাজ। তখন বলা হয়েছিল, দলের প্রতিনিধি হয়ে এসেছেন এই অলরাউন্ডার। 

শনিবার সন্ধ্যায় মিরাজকে টস করতে দেখে নেতৃত্ব নিয়ে প্রশ্ন জাগে প্রেসবক্সের সংবাদকর্মীদের অনেকের মনে। টসের ২৫ মিনিট পর দলের পক্ষ থেকে জানানো হয় ম্যানেজার সাজ্জাদ আহমেদের বার্তা, “ম্যাচ বাই ম্যাচ ঠিক করা হবে, কে হবেন অধিনায়ক।” 

টসের সময় এ দিন চমক ছিল আরও একটি। সিলেট স্ট্রাইকার্সের হয়ে মাশরাফি বিন মুর্তজার জায়গায় টস করতে নামেন মুশফিকুর রহিম। একটু পর দলের আনুষ্ঠানিক খেলোয়াড় তালিকায় আবার অধিনায়ক হিসেবে রাখা হয় মাশরাফিকেই। তবে খেলোয়াড় তালিকার নিচে স্বাক্ষরের জায়গায় দেখা যায় ‘অধিনায়ক মাশরাফির পক্ষে’ মুশফিকের স্বাক্ষর। 

পরে সিলেট স্ট্রাইকার্স দল থেকে জানানো হয়, ‘জাতীয় দায়িত্বে’ ব্যস্ত থাকায় মাশরাফির মাঠে আসতে একটু দেরি হয়। তাই তার হয়ে টস করেন মুশফিক। মাঠে অধিনায়কত্ব করবেন মাশরাফিই।