টেস্টের প্রস্তুতি শুরু বাংলাদেশের
ওয়ানডে সিরিজ জেতা বাংলাদেশ দল আছে চনমনে মেজাজে। চট্টগ্রাম টেস্টের জন্য প্রস্তুতির প্রথম দিনে স্বাগতিকদের অনুশীলনের চিত্রেই তা স্পষ্ট।
বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুরে অনুশীলনে আসে বাংলাদেশ দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয়ের পরদিন বিশ্রামে ছিলেন সাকিব আল হাসান, রুবেল হোসেন, সৌম্য সরকার ও মুস্তাফিজুর রহমান। টেস্ট দলের বাকি ১০ ক্রিকেটার ছিলেন প্রথম দিনের অনুশীলনে। জোড়ায় জোড়ায় নেটে ব্যাটিং করেন তামিম ইকবাল-ইমরুল কায়েস, মুশফিকুর রহিম-মুমিনুল হক, নাসির হোসেন-মাহমুদউল্লাহ।
ওয়ানডেতে লিটন দাসের কাছ থেকে গ্লাভস ফিরিয়ে নিয়েছেন মুশফিক। তবে টেস্ট দলের অধিনায়ক এই সংস্করণে বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবেই খেলতে পারেন। ব্যাটিং অনুশীলনের আগে অনেক সময় ধরে কিপিং অনুশীলন করে তরুণ লিটন।
নেটে অনেকটা সময় ধরে উদ্বোধনী জুটির সঙ্গী ইমরুলকে বল ছুঁড়েন তামিম।
শুরুতে স্বাগতিকদের সব ক্রিকেটার ফিল্ডিং অনুশীলন করেন। বোলিং করার পর দলের অন্যতম সেরা ফিল্ডার নাসির আলাদাভাবে কিছুটা সময় ফিল্ডিং অনুশীলন করেন।
রুবেল-মুস্তাফিজ না থাকায় প্রথম দিনের অনুশীলনের নেট বোলারদের বাইরে কেবল মোহাম্মদ শহীদের পেস বলে খেলার সুযোগ হয় স্বাগতিক ব্যাটসম্যানদের। জুবায়ের হোসেন, তাইজুল ইসলাম, মাহমুদউল্লাহ, নাসিরদের বলে ব্যাটিং করে স্পিনে প্রস্তুতিটাও ভালো হয়েছে টাইগারদের।
বৃহস্পতিবারের অনুশীলনে দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে নিয়েই বেশি ব্যস্ত ছিলেন কোচ চন্দিকা হাথুরুসিংহে। নেটের পাশে দাঁড়িয়ে এই দুই জনের ব্যাটিং দেখেন তিনি। ব্যাটিং শেষে তামিমের সঙ্গে অনেকটা সময় ধরে কথাও বলেন তিনি।
আগামী মঙ্গলবার প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে বাংলাদেশ।
