২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের সামর্থ্য নিয়ে সন্দেহ নেই অধিনায়কের

সাকিব আল হাসান ছাড়া বাংলাদেশের আর কোনো খেলোয়াড়কে হয়তো সেভাবে চেনে না ক্রিকেটবিশ্ব। তাতে কিন্তু দুঃখ নেই অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার। কারণ, আর কেউ জানুক বা না জানুক, অধিনায়ক জানেন, টাইগারদের সামর্থ্য-সম্ভাবনা কতটা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2015, 01:18 PM

Updated : 22 Aug 2022, 12:48 PM

তিন ধরনের ক্রিকেটে আইসিসির অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন সাকিব। মাশরাফি মনে করেন, প্রতিনিয়ত নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে চলেছেন এই বাঁহাতি ক্রিকেটার।

“সাকিব যে বিশ্বের সেরা অলরাউন্ডার, এটা অনেক খেলোয়াড় জানে না বা অনেকে বলে না। এটা নিয়ে আমাদের মনে কোনো দুঃখ নেই। আমরা জানি, আমাদের ভেতরে কি আছে, বা আমরা কতটা সম্ভাবনাময়।”

বুধবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একই ম্যাচে দুইশ’ উইকেটের মাইলফলক স্পর্শ করেন সাকিব ও মাশরাফি। ওয়ানডের ইতিহাসে সবচেয়ে কম ইনিংস খেলে ৪ হাজার রান ও দুইশ’ উইকেট নেওয়ার ‘ডাবল’ অর্জনের কৃতিত্ব দেখান সাকিব।

ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স, বিরাট কোহলি, ব্রেন্ডন ম্যাককালামের মতো ততটা নাম-ডাক বাংলাদেশের কোনো ক্রিকেটারের হয়তো নেই, কিন্তু বাংলাদেশের খেলোয়াড়রাও বড় মাপের বলে মনে করেন মাশরাফি।

“আমাদের বড় ক্রিকেটার নেই, এটা আমরা অনুভব করি না। হয়তো অন্যরা এটা বলে না যে, আমাদের দলে বড় ক্রিকেটার আছে।”

সাকিব ছাড়াও বাংলাদেশ দলে আছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, রুবেল হোসেনের মতো অভিজ্ঞ ক্রিকেটার। সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, সাব্বির রহমান, নাসির হোসেনরা ক্রমশ উঠে আসছেন। সব মিলিয়ে মাশরাফির কাছে বাংলাদেশ দলীয় ঐক্যের একটি দল।

“আমাদের ইউনিট খুব ভালো, গ্রুপ হিসেবে আমরা যখন পারফর্ম করি, তখন আমরা বেশি ম্যাচ জিতি। এখন সবাই পারফর্ম করছে এটা খুব ভালো লক্ষণ।”

একটা সময় সাকিবের ওপর অনেক বেশি নির্ভর করত বাংলাদেশ। এখন তার ওপর চাপটা অনেকটাই কমেছে। আরও অনেক পারফরমার আছেন মাশরাফিদের এই দলে। তার প্রভাব পড়েছে খেলাতেও।

টানা চারটি সিরিজ জিতেছে মাশরাফি বাহিনী। শেষ তিন সিরিজে বড় তিন দল পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকাকে হারানো বাংলাদেশের ওপর ক্রিকেট বিশ্বের শ্রদ্ধা না রেখে এখন উপায় নেই।

পুরনো খবর:

এবার অবসর মিলছে মাশরাফির
সামনের চ্যালেঞ্জ নিয়ে সতর্ক মাশরাফি
সিরিজ জয়ে রেটিং পয়েন্ট বাড়ল বাংলাদেশের
সৌম্যর আছে পেরিস্কোপ শট!
অধিনায়কের কাছে ‘অসাধারণ ফেরা’
খ্যাতির বিড়ম্বনায় সৌম্য
মাশরাফির কাছে প্রাপ্তিতে ভরা ম্যাচ
লর্ডসে খেলার স্বপ্ন সৌম্যর
উচ্ছ্বাসে ভেসে যাচ্ছেন না মাশরাফিরা
তামিমের সঙ্গ উপভোগ সৌম্যর