২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লর্ডসে খেলার স্বপ্ন সৌম্যর

অভিষেক থেকেই আন্তর্জাতিক ক্রিকেটে সময়টা দারুণ কাটছে সৌম্য সরকারের। ১৬টি ওয়ানডে খেলার পর পঞ্চাশ ছুঁই ছুঁই গড়ে রান করা এই উদ্বোধনী ব্যাটসম্যান জানিয়েছেন লর্ডসে খেলার স্বপ্ন দেখছেন তিনি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2015, 02:28 AM

Updated : 25 Apr 2022, 01:37 PM

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে হারের পরও সিরিজ জেতে বাংলাদেশ। এতে সামনে থেকে নেতৃত্ব দেন তরুণ সৌম্য। শেষ দুই ম্যাচে দারুণ দুই ইনিংস খেলে দলকে সহজ জয় এনে দেন তিনি।

বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৭৫ বলে ৯০ রানের চমৎকার ইনিংস খেলে জেতেন ম্যাচ সেরা পুরস্কার। চমৎকার পারফরম্যান্সে সিরিজ সেরাও হন এই বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান।

২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশের কোনো ইংল্যান্ড সফর নেই। সৌম্যর আশা, যেভাবে বাংলাদেশ সামনের দিকে যাচ্ছে তাতে শিগগির আমন্ত্রণ জানাবে তারা, “লর্ডসে খেলা তো সবারই স্বপ্ন। আমরা যেভাবে এগুচ্ছি, আশা করছি, তারাও আমাদেরকে শিগগির ডাকবে।”

১৬টি ওয়ানডেতে একটি শতক ও চারটি অর্ধশতকসহ ৪৯.৪২ গড়ে ৬৭৫ রান করেছেন সৌম্য। তবে ব্যক্তিগত অর্জনের চেয়ে দলীয় অর্জনের দিকেই বেশি মনোযোগ এই তরুণের।

“আগে আমি শুনেছি, বাংলাদেশের সঙ্গে কেউ খেলতে চায় না। আমি চাই, যে কোনো ফরম্যাটেই হোক, সবাই যেন আমাদের সঙ্গে খেলতে চায়। আমাদেরকে যেন তারা দাওয়াত দেয়।”

পুরনো খবর:

সিরিজ জয়ে রেটিং পয়েন্ট বাড়ল বাংলাদেশের