সামনের চ্যালেঞ্জ নিয়ে সতর্ক মাশরাফি
টানা চারটি সিরিজ জিতে উড়ছে বাংলাদেশের ক্রিকেটাররা। উচ্ছ্বসিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এর মধ্যেই কিন্তু দলকে সতর্ক করে দিলেন। মনে করিয়ে দিলেন পেশাদারিত্বের কথা।
২০০১ সালে মাশরাফির যখন আন্তর্জাতিক ক্রিকেটে আগমন, জয়ের কথা ভাবতেও পারতো না বাংলাদেশ। ১৯৯৯ থেকে ২০০৪ পর্যন্ত তারা হেরেছে টানা ৪৭টি ওয়ানডে ম্যাচে। সেখান থেকে একটা সময় মাঝেমধ্যে ২-১টি ম্যাচ জেতা শুরু করল বাংলাদেশ। মাশরাফির নেতৃত্বে সেই বাংলাদেশ এখন জিতল টানা চারটি সিরিজ। হেলায় হারাল পাকিস্তান-ভারত-দক্ষিণ আফ্রিকাকে!
দলের অনেক দু:সময়ের সাক্ষী মাশরাফি। জানেন, খারাপ সময় আসতে পারে আবারও। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাই সতর্ক করে দিলেন সতীর্থদের।
“এক সময় আমরা স্বপ্ন দেখতাম, বড় বড় দলকে এভাবে হারাব। এখন সেটা পারছি। কিন্তু পেশাদার দল হিসেবে সবাইকে মাটিতে পা রাখতে বলব আমি। মাঠে বা মাঠের বাইরে সুশৃঙ্খল থেকে সব কিছু করতে বলব। কারণ, সামনে একের পর এক কঠিন চ্যালেঞ্জই আসতেই থাকবে।”
২০০৯ সালের পর আর টেস্ট ক্রিকেট খেলেননি মাশরাফি। তবে ওয়ানডে অধিনায়কের আশা, রঙিন পোশাকের সাফল্য সাদা পোশাকেও দলের পারফরম্যান্স রাঙানোর বিশ্বাস জোগাবে।
“বিশ্বকাপে যাওয়ার পর আমি একটা কথা বলেছিলাম, যদি আমরা বিশ্বকাপে ভালো খেলি, তাহলে পুরো বছরের জন্য ঠিক হয়ে যাবে আমরা কি করব। বিশ্বকাপে ভালো খেলেছিলাম, সেই আত্মবিশ্বাস এই পর্যন্ত টেনে এনেছি। এখন চারটি টেস্ট ম্যাচ আছে (দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে)। আশা করি, ওয়ানডের এই জয়গুলো সেখানে ভালো করতে সহায়তা করবে।”
