২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অধিনায়কের কাছে ‘অসাধারণ ফেরা’

প্রথম ম্যাচে হারের পরও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জেতায় খুশি মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশের অধিনায়ক জানিয়েছেন, এই ফিরে আসাটা তার দলের জন্য খুব দরকার ছিল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2015, 03:24 AM

Updated : 25 Apr 2022, 01:37 PM

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৮ উইকেটে হারে বাংলাদেশ। পরের ম্যাচেই ৭ উইকেটে জিতে সমতা আনে তারা। বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৯ উইকেটে জেতে মাশরাফিরা।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম সিরিজ জয় অধিনায়কের কাছে নিজেদের দৃঢ়তার প্রমাণ।

“এটাকে আমি অসাধারণ এক ফেরা বলব। এটা আমাদের জন্য খুব দরকার ছিল।”

জিম্বাবুয়ে, পাকিস্তান ও ভারতের পর দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টানা চতুর্থ সিরিজ জিতেছে বাংলাদেশ।

“যখন বড় দলের সঙ্গে খেলছেন, প্রত্যাশা হয়ত বেশি থাকে। তখন জয়টা এক রকম আনন্দের।”

খেলায় ছন্দ ধরে রাখাটা খুব গুরুত্বপূর্ণ বলে মনে করেন মাশরাফি, “বিশ্বকাপে ভালো খেলার ধারাবাহিকতা আমরা পাকিস্তানের বিপক্ষে ধরে রাখি। আর এই ধারাবাহিকতা আমরা ভারত সিরিজ হয়ে এই সিরিজ পর্যন্ত টেনে আনতে পেরেছি।”

বিশ্বকাপে প্রথমবারের মতো কোয়ার্টার-ফাইনালে পৌঁছায় বাংলাদেশ। এরপর ওয়ানডে সিরিজে পাকিস্তানকে ৩-০ ও ভারতকে ২-১ ব্যবধানে হারায় তারা।

পুরনো খবর:

সিরিজ জয়ে রেটিং পয়েন্ট বাড়ল বাংলাদেশের