২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ আফ্রিকার ঘাম ঝরানো অনুশীলন

বাংলাদেশ সফরে প্রথম তিন ম্যাচে সহজ জয় পাওয়া দক্ষিণ আফ্রিকা বড় একটা ধাক্কা খেয়েছে টানা দুই হারে। ওয়ানডে সিরিজ খোয়ানো দলটি টেস্টে ভালো করতে মরিয়া। ঘাম ঝরানো অনুশীলনে তারই প্রস্তুতি নিল অতিথিরা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2015, 07:17 PM

Updated : 12 Oct 2022, 04:01 PM

পুরনো খবর:

বাংলাদেশের সামর্থ্য নিয়ে সন্দেহ নেই অধিনায়কের
পরের ওয়ানডের জন্য ৭ মাস অপেক্ষা বাংলাদেশের
এক লাফে ৩৫ ধাপ এগোলেন সৌম্য!
বাংলাদেশের ক্রিকেটের সেরা সময়

বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার টেস্ট দলে আসা খেলোয়াড়রাই মূলত অনুশীলন করেন। হঠাৎ করেই ছন্দ হারিয়ে ফেলা হাশিম আমলাও ছিলেন এতে।

বাংলাদেশ সফরে আমলার তিনটি ইনিংস যথাক্রমে ১৪, ২২, ১৫। পুরো ওয়ানডে সিরিজে নিজের ছায়া হয়ে ছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে রানে ফিরতে চান তিনি। তাই বিশ্রাম না নিয়ে লম্বা সময় ধরে অনুশীলন করে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন তিনি।

ডেল স্টেইন, মর্নে মরকেল, ভার্নন ফিল্যান্ডাররা লম্বা সময় ধরে বোলিং অনুশীলন করেন। টেস্ট সিরিজে এই পেস ত্রয়ীই হতে পারেন স্বাগতিদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অতিথিদের অনুশীলনেও দেখা যায় তার নমুনা। আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষ বোলার পেসার স্টেইনের বলে বেশ কয়েকবার পরাস্ত হন সতীর্থ ব্যাটসম্যানরা।

টেস্টে দক্ষিণ আফ্রিকার স্পিন আক্রমণের নেতৃত্বে থাকতে পারেন সাইমন হারমার। একমাত্র টেস্টে ৭ উইকেট নেওয়া এই অফ স্পিনার নেটে লম্বা সময় ধরে বল করেন।    

ডিন এলগার, টেম্বা বাভুমা, ড্যান ভিলাস, স্টিয়ান ফল জিলরাও নেটে অনেকটা করে সময় কাটান। নেটে বাঁহাতি স্পিনারদের বিপক্ষে অনুশীলন করে সাকিব আল হাসান-তাইজুল ইসলামদের সামলানোর প্রস্তুতি নেন অতিথি ব্যাটসম্যানরা।

বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ খোয়ানো দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়দের শরীরী ভাষায় ছিল জয়ের ফেরার জেদ। মাঠে তার অনুবাদ দেখা গেলে কাজটা ভীষণ কঠিনই হতে যাচ্ছে মুশফিকুর রহিমদের জন্য।

দুই টেস্টের সিরিজের প্রথমটি শুরু হবে আগামী মঙ্গলবার।