২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের ক্রিকেটের সেরা সময়

গত বছরের শেষ দিকে জিম্বাবুয়েকে হারিয়ে যে সাফল্যধারা শুরু হয়েছিল বাংলাদেশের ক্রিকেটে, তা এখন উত্তুঙ্গ এক ঢেউ। দীর্ঘ এই মৌসুমের এখনও কিছুটা বাকি; দক্ষিণ আফ্রিকা বিপক্ষে আছে দুটি টেস্ট। তবু এখনই বলে দেওয়া যায়, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা সময় এটি।

আরিফুল ইসলাম রনি আরিফুল ইসলাম রনি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2015, 06:38 PM

Updated : 25 Apr 2022, 01:37 PM

বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুতর্জার রসবোধ, প্রজ্ঞা আর পরিমিতিবোধ চমৎকার। তার কথায় ক্রিকেট ছাপিয়ে কখনও কখনও ফুটে ওঠে গভীর জীবনবোধ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে সংবাদ সম্মেলন থেকেও তেমনি দুটি বাক্য আলাদা করে তুলে আনা যায়।

‍‌“এক সময় আমরা স্বপ্ন দেখতাম বড় দলগুলিকে এভাবে হারাব।” এটার রেশ ধরেই আবার বললেন, “…তবে পেশাদার দল হিসেবে আমি সবাইকে বলব পা মাটিতেই রাখতে। সামনে আরও কঠিন চ্যালেঞ্জ আসবে।”

এই দুটি বাক্যেই আসলে মিলেমিশে একাকার বাংলাদেশ ক্রিকেটের অতীত, বর্তমান আর ভবিষ্যত। মাশরাফি যখন আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখলেন, বাংলাদেশের ক্রিকেটে তখন ঘোর অমানিশা। টেস্ট ক্রিকেটে তখন ডাঙায় তোলা মাছের মতো খাবি খাচ্ছে বাংলাদেশ; ওয়ানডেতেও অবস্থা তথৈবচ। ১৯৯৯ বিশ্বকাপে পাকিস্তানকে হারানোর পর রঙিন পোষাকে জয় নেই প্রায় ৫ বছর। ১৯৯৯ সালের ৩১ মে পাকিন্তানকে ৬২ রানে হারানোর পর ২০০৪ সালের ১০ মার্চ জিম্বাবুয়ের বিপক্ষে জয়, মাঝে টানা ৪৭ ম্যাচ জুড়ে কেবল হতাশার গল্প। ম্যাচ হারতেই যেন মাঠে নামত তখন বাংলাদেশ। থাকত হারটাকে একটু ভদ্রস্থ করার চেষ্টা।

স্বপ্ন দেখতেও তখন বুকে জোর লাগত। মাশরাফিরা একটু দু:সাহসী হয়ে স্বপ্ন দেখতেন একটা-আধটা জয়ের! স্বপ্নের সীমানা একটু একটু করে বড় হতে থাকল এক সময়। বড় দলগুলিকে হারানোর স্বপ্ন, সিরিজ জয়ের স্বপ্ন, টানা জয়ের স্বপ্ন। কল্পনাশক্তির পরীক্ষা নেওয়া সব স্বপ্ন। সেই স্বপ্ন ধরা দিয়েছে বাস্তব হয়ে। অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডের বিরুদ্ধ কন্ডিশনে গিয়ে বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনাল খেলা, পাকিস্তানের বিপক্ষে মানসিক বাধার প্রাচীর গুঁড়িয়ে হোয়াইটওয়াশ করার আনন্দ, ‌‘প্রবলপরাক্রমশালী’ ভারতকে সিরিজ হারানো, দক্ষিণ আফ্রিকার মতো পেশাদার ও দারুণ গোছালো দলের বিপক্ষে পিছিয়ে পড়েও সিরিজ জয়। এই বাস্তবতার জমিন এতটাই শক্তপোক্ত যে তা আরও বড় স্বপ্ন দেখার সাহস জোগায়।

নাটকীয় পালাবদলের শুরু ৩০ সেপ্টেম্বর ২০১৪, যেদিন মুশফিকুর রহিমের ভার কমিয়ে ওয়ানডের দায়িত্ব দেওয়া হলো মাশরাফিকে। ঘুরে দাঁড়ানোর শুরুটা অবশ্য টেস্ট ক্রিকেট দিয়েই; জিম্বাবুয়েকে ৩ ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করে। পরে ওয়ানডে সিরিজেও ৫-০। তাতে স্বস্তি মিলল; তবে প্রতিপক্ষ জিম্বাবুয়ে বলেই সংশয়ের অবকাশ ছিল অনেক।

পরের পরীক্ষাই ছিল বিশ্বমঞ্চে, অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডে। বিশ্বকাপ দেখল বদলে যাওয়া বাংলাদেশের বিস্ময়যাত্রা। আফগানিস্তান-স্কটল্যান্ডের বিপক্ষে চাপকে জয় করা জয়; ইংল্যান্ডের বিপক্ষে নখ কামড়ানো স্নায়ুর ম্যাচে জয়। প্রথমবার বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে বাংলাদেশ!

তবে ফলের চেয়েও বেশি দর্শনীয় ছিল বাংলাদেশের খেলার ধরন। শরীরী ভাষায় ফুটছে বারুদ, মানসিকতা এক বিন্দু ছাড় না দেওয়ার। পাকিস্তানের সাধ্য কি এই দুর্নিবার বাংলাদেশকে রোখার? ১৬ বছর যে দলের বিপক্ষে জয়হীন ছিল বাংলাদেশ; মাশরাফির বাংলাদেশ সেই দলকে হারাল হেলায়। তীব্র সাফল্যক্ষুধা আর আকাঙ্খার স্রোতে এরপর একে একে ভেসে গেল ভারত ও দক্ষিণ আফ্রিকাও। দীর্ঘ মৌসুমের শেষের দিকে হিসাব-নিকাশের খেরো খাতা তাই ভরে উঠেছে প্রাপ্তিতে।

এ নিয়ে টানা চার ওয়ানডে সিরিজে জিতল বাংলাদেশ। পরিসংখ্যান বলছে, টানা চার সিরিজ আগেও দুই দফায় জিতেছে বাংলাদেশ। এবার টানা চারের পাশাপাশি বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনাল খেলেছে মাশরাফিরা। ২০০৬-০৭ মৌসুমে টানা চার সিরিজ জয়ী বাংলাদেশ ২০০৭ বিশ্বকাপে খেলেছিল সুপার এইটে। সেবার আর এবারকে তাই রাখতে হয় পাশাপাশিই। তবে পরিসংখ্যানের ভ্রান্তিকে সরে গেলেই দেখা যাবে এটাই সবচেয়ে সফল মৌসুম।

সেবার বাংলাদেশের জয় ছিল কেনিয়া-স্কটল্যান্ড-জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে। দ্বিতীয় দফায় যখন টানা চার সিরিজ জিতল বাংলাদেশ, তার তিনটিই জিম্বাবুয়ের বিপক্ষে; আরেকটি খর্বশক্তির ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাওয়া। পাকিস্তান-ভারত-দক্ষিণ আফ্রিকাকে হারানোর সঙ্গে তুলনাই হয় না ওই সব জয়ের।

মৌসুমের হিসাব বাদ দিয়ে যদি বছর ধরা হয়, পরিসংখ্যান বলবে এটি বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের দ্বিতীয় সেরা বছর। ২০০৯ সালে ১৯ ম্যাচের ১৪টি জিতেছিল বাংলাদেশ, জয়-পরাজয়ের অনুপাত ছিল ২.৮। কিন্তু ওই ১৯ ম্যাচের ১৪টিই জিম্বাবুয়ের বিপক্ষে। খর্বশক্তির ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি আর শ্রীলঙ্কার বিপক্ষে ছিল দুটি ম্যাচ।

জিম্বাবুয়ের বিপক্ষে ওই বছর ৪টি হার বরং বাংলাদেশের জন্য ছিল বিব্রতকর। আর এ বছর ১৫ ম্যাচে ১০ জয়, জয়-হারের অনুপাত ২.০। প্রতিপক্ষ দলগুলি বিবেচনায় নিলে কিন্তু এটাই সবার সেরা বছর।

শুধু প্রতিপক্ষ বিবেচনাতেই নয়, এই মৌসুমের বাংলাদেশ আয়নার সামনে দাঁড়ালেও সব সময়ের সেরা। এতটা আত্মবিশ্বাসী, এতটা টগবগ করে ফুটতে থাকা দল আর কবে দেখেছে বাংলাদেশ? আর এমন বাংলাদেশকে আর কবে দেখেছে ক্রিকেটবিশ্ব? ফল তুলে আনছে জয়-পরাজয়ের হিসাব। তবে এর বাইরের হিসাব বলছে, আক্রমণাত্মক ক্রিকেট আর খুনে মানসিকতায় গত কয়েক মাসের পারফরম্যান্সে বদলে গেছে বাংলাদেশকে নিয়ে ক্রিকেটবিশ্বের দৃষ্টিভঙ্গি; চোয়াল ঝুলে গেছে রক্ষণশীল ক্রিকেটবোদ্ধাদের, মুখ বন্ধ হয়ে গেছে সমালোচনাকারীদের। বাংলাদেশের এই সাফল্য মন জয় করেছে সংশয়বাদীদের আর বুক চওড়া করেছে সমর্থকদের। এই ক’মাসে বাংলাদেশের ক্রিকেট নিত্যই ছুঁয়েছে নতুন উচ্চতা।

টেস্ট ক্রিকেটের গল্পটা যদিও ভিন্ন। রঙিন পোশাকের বদলে সাদা পোশাক গায়ে চাপালে বাংলাদেশের পারফরম্যান্সও কেমন হয়ে যায় বিবর্ণ। ওয়ানডের সাফল্য রেসিপিটা পরীক্ষিত হওয়ার পরও টেস্টের শরীরী ভাষা এই সময়ে ছিল প্রশ্নবিদ্ধ। সাফল্য কিন্তু আছে। হোক প্রতিপক্ষ জিম্বাবুয়ে, টানা তিন টেস্ট জয় কৃতিত্বের। পাকিস্তানের বিপক্ষে খুলনায় দারুণ বীরত্বে ফিরে এসে ড্র জয়ের সমান। ভারতের বিপক্ষে ফতুল্লা টেস্টে পারফরম্যান্স ভালো না হলেও বৃষ্টির কল্যাণে পাওয়া গেছে ড্র। সব মিলিয়ে ৬ টেস্টের তিনটিতে জয়, দুটি ড্র, একটি হার।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ছিল হতাশার। তবে পাশেই আছে পাকিস্তানের মত সফল টি-টোয়েন্টি দলকে উড়িয়ে দেওয়ার আনন্দ। তিন সংস্করণ মেলালে সাফল্যের পারদ উঠে যায় আরও উঁচুতে।

এক সময় বাংলাদেশ বিশ্বজয় করলে, টেস্টেও সমীহ জাগানিয়া দল হয়ে উঠলে, সত্যিকার অর্থেই বড় দল হিসেবে প্রতিষ্ঠিত হলে পেছন ফিরে তাকিয়ে আজকের এই সময়কেই তাই ধরা হবে মাইলফলক।

পুরনো খবর:

সিরিজ জয়ে রেটিং পয়েন্ট বাড়ল বাংলাদেশের