২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরের ওয়ানডের জন্য ৭ মাস অপেক্ষা বাংলাদেশের

দক্ষিণ আফ্রিকা সিরিজের শেষ ম্যাচটি ছিল এই বছর বাংলাদেশের শেষ ওয়ানডে। এখনকার সূচি অনুযায়ী মাশরাফি বিন মুর্তজার দল পরের ওয়ানডে খেলবে আগামী ফেব্রুয়ারিতে!

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2015, 03:13 PM

Updated : 12 Oct 2022, 04:02 PM

পুরনো খবর:

বাংলাদেশের সামর্থ্য নিয়ে সন্দেহ নেই অধিনায়কের
এবার অবসর মিলছে মাশরাফির
সামনের চ্যালেঞ্জ নিয়ে সতর্ক মাশরাফি
সিরিজ জয়ে রেটিং পয়েন্ট বাড়ল বাংলাদেশের
সৌম্যর আছে পেরিস্কোপ শট!
অধিনায়কের কাছে ‘অসাধারণ ফেরা’
খ্যাতির বিড়ম্বনায় সৌম্য
মাশরাফির কাছে প্রাপ্তিতে ভরা ম্যাচ
লর্ডসে খেলার স্বপ্ন সৌম্যর
উচ্ছ্বাসে ভেসে যাচ্ছেন না মাশরাফিরা

ওয়ানডের পারফরম্যান্সে গত ১০ মাসে বিপ্লব ঘটিয়ে ফেলেছে বাংলাদেশ। প্রতি সিরিজেই বলতে গেলে ছাড়িয়ে গেছে নিজেদের। বিশ্বকাপে উঠেছে কোয়ার্টার-ফাইনালে, জিতেছে টানা চারটি ওয়ানডে সিরিজ। কিন্তু ওয়ানডের ভুবনে বাংলাদেশের এই গৌরবময় অগ্রযাত্রায় আপাতত যতি পড়ছে। শুরু হচ্ছে লম্বা বিরতি। প্রথম ৭ মাসে ১৫টি ওয়ানডে খেলা বাংলাদেশের বছরের বাকি সময়টায় আর কোনো ওয়ানডে নেই সূচিতে।

সেপ্টেম্বর-অক্টোবরে অবশ্য বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া। তবে ওই সিরিজে থাকছে শুধুই দুটি টেস্ট। ২০১১ সালের এপ্রিলে বাংলাদেশ সফরে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার। কিন্ত পালাবদলের ধাক্কা সামলাতে ব্যস্ত অস্ট্রেলিয়া সেবার খেলেছিল স্রেফ তিনটি ওয়ানডে। পাওনা থাকা দুটি টেস্ট বুঝিয়ে দিতে এবার আসছে বিশ্ব ক্রিকেটের পরাশক্তিরা।

অস্ট্রেলিয়ার সিরিজটিই এই বছর বাংলাদেশের শেষ সিরিজ। এরপর আন্তর্জাতিক ম্যাচ আবার সেই জানুয়ারিতে। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আবারও বাংলাদেশে আসবে নিয়মিত প্রতিপক্ষ জিম্বাবুয়ে। সূচি অনুযায়ী টেস্ট হবে আগে। ওয়ানডে সিরিজ হওয়ার কথা ফেব্রুয়ারিতে। ৭ মাস পর আবার ওয়ানডেতে ধারাবাহিকতা বজায় রাখার লড়াইয়ে নামতে হবে বাংলাদেশকে।

ফাঁকা সময়টা কাজে লাগাতে বেশ কিছু সিরিজ খেলার সম্ভাব্যতা নিয়ে আলোচনা হয়েছে গত কিছুদিনে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দেশের মাটিতে একটি সিরিজ নিয়ে কথা অনেক দূর এগিয়েছিলও। তবে আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ওয়েস্ট ইন্ডিজ খেলতে চেয়েছিল শুধু টি-টোয়েন্টি। বিসিবি যোগ করতে চেয়েছিল ওয়ানডেও। দুই পক্ষ একমত না হওয়ায় সেই পরিকল্পনা আপাতত আলোর মুখ দেখছে না।

নতুন কিছু না হলে তাই সাম্প্রতিক সময়ের দুর্বার বাংলাদেশকে আবার ওয়ানডে খেলার জন্য অপেক্ষা করতে হবে অনেকটা সময়।