চট্টগ্রামের মাঠ এখন চাপে!
সাকিব আল হাসান বিশ্বাস করেন, বাংলাদেশের প্রতিটি মাঠই তাদের জন্য পয়মন্ত। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম সেই তালিকায় হয়তো একটু এগিয়েই থাকবে। তবে মজা করেই বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার বলেছেন, সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে চাপে থাকবে চট্টগ্রামের মাঠ!
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এ পর্যন্ত ১৭টি ওয়ানডে খেলে ৯টিতে জিতেছে বাংলাদেশ। স্বাগতিকরা হেরেছে ছয়টিতে আর পরিত্যক্ত হয়েছে অন্য দুটি ম্যাচ।
হারের মধ্যে থাকা বাংলাদেশ বেশিরভাগ সময়ই জয় পেয়েছে চট্টগ্রামে এসে। ২০১১ সালে সাকিবের নেতৃত্বেই চট্টগ্রামে বিশ্বকাপের ম্যাচে ইংল্যান্ড ও নেদারল্যান্ডসকে হারিয়েছিল বাংলাদেশ। এবার ঢাকা থেকে জয় নিয়ে আসা বাংলাদেশের সামনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জেতার সুযোগ.. প্রশ্ন শেষ করার আগেই সাকিবের উত্তর, “চট্টগ্রামের মাঠ এখন চাপে।”
তিন ম্যাচের সিরিজে এখন ১-১ সমতা রয়েছে। বুধবার তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। তার আগের দিন সংবাদ সম্মেলনে স্বাগতিক দলের প্রতিনিধি হয়ে আসেন সাকিব।
“যেখানেই খেলি, জিততে হলে তো ভালো ক্রিকেট খেলতেই হবে। কেউ আসলে কখনও চিন্তা করে না যে, এটা আমাদের পয়মন্ত মাঠ, আমরা জিতবই। আমরা বাংলাদেশের সবগুলো মাঠেই ম্যাচ জিতছি। আমাদের কাছে মনে হয়, সবগুলো মাঠই পয়মন্ত!”
