২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিজের বোলিংয়ে সন্তুষ্ট সাকিব

বাংলাদেশের বোলিং আক্রমণের সেরা অস্ত্র সাকিব আল হাসান। আইসিসির ওয়ানডে বোলারদের র‍্যাংঙ্কিংয়ে শীর্ষ দশে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি তিনিই। শেষ চার ম্যাচে মাত্র একটি উইকেট পেলেও এই বাঁহাতি স্পিনার জানিয়েছেন, নিজের বোলিং নিয়ে মোটেও ভাবছেন না তিনি।  

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2015, 05:59 PM

Updated : 25 Apr 2022, 01:36 PM

ভারতের বিপক্ষে সিরিজে তৃতীয় ওয়ানডেতে সর্বশেষ উইকেট পেয়েছিলেন সাকিব। তার আগের ম্যাচেও কোনো উইকেট পাননি তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে এখনও উইকেটশূন্য তিনি।
 
তৃতীয় ও শেষ ওয়ানডের আগে মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে সাকিব জানান, দ্বিতীয় ম্যাচে নিজের বোলিং নিয়ে তিনি খুশি।
 
“আমার মনে হয়েছে, অনেক দিন পর শেষ ম্যাচে আমি ভালো বোলিং করেছি। আমার নিজের কাছেও মনে হয়েছে, যেভাবে চেয়েছি সেভাবেই বোলিং করতে পেরেছি। সেজন্য আমি সন্তুষ্ট। উইকেট পেলে তো অবশ্যই ভালো লাগে। আমি ওগুলো নিয়ে অত বেশি চিন্তিত না। ভালো বল করছি, অবদান রাখছি তাতেই আমি খুশি।” 
 
৭ উইকেটে জেতা ম্যাচে ১০ ওভার বল করে ৩০ রান দেন সাকিব। ম্যাচ শেষে তার চমৎকার বোলিংয়ের প্রশংসা করেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। 
 
বাঁহাতি স্পিনার সাকিব মনে করেন, উইকেট পাওয়া ভাগ্যের ব্যাপার। চেষ্টা করাটা তার নিজের হাতে, আর প্রতি ম্যাচেই সে চেষ্টা করে যাচ্ছেন আইসিসি র‌্যাঙ্কিংয়ের এই শীর্ষ অলরাউন্ডার। 
 
“এখন ব্যাটসম্যানরা অত বেশি মেরে খেলে না। তেমন পিচে খেলা না হলে স্বাভাবিকভাবেই ওয়ানডে ম্যাচে উইকেট পাওয়াটা কঠিন। তবে ভালো বল করাটা আমার হাতে, আমি সে চেষ্টাই করি।”

পুরনো খবর:

চট্টগ্রামের মাঠ এখন চাপে!
দেশে জয়ের ধারা ধরে রাখতে চান সাকিব