দেশে জয়ের ধারা ধরে রাখতে চান সাকিব
গত নভেম্বর থেকে দেশের মাটিতে টানা তিনটি ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। জয়ের এই ধারাবাহিকতা দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও ধরে রাখতে প্রত্যয়ী সাকিব আল হাসান।
গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে ৫-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জেতে বাংলাদেশ; চলতি বছর পাকিস্তানকে ৩-০ ও ভারতকে ২-১ ব্যবধানে হারায় তারা। এই সময়ে দেশের মাটিতে খেলা শেষ ১৩ ওয়ানডের ১১টিতে জিতে টাইগাররা।
টানা চতুর্থ সিরিজ জিততে বুধবার তৃতীয় ও শেষ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় পেতে হবে বাংলাদেশের। দলের সহ-অধিনায়ক সাকিব জানান, এই ম্যাচে জয় ছাড়া আর কিছু ভাবছেন না তারা।
“আমাদের সামনে বড় কিছু পাওয়ার হাতছানি আছে। ম্যাচটি যেন জিততে পারি, অবশ্যই সবাই সেদিকে বেশি মনোযোগ দেবে। দেশের মাটিতে জয়ের যে ধারা চলছে সেটা যেন ধরে রাখতে পারি।”
প্রথম ওয়ানডেতে ৮ উইকেটে হারের পর দ্বিতীয় উইকেটে ৭ উইকেটে জেতে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজে এখন রয়েছে ১-১ সমতা। সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেকে অনুপ্রেরণা বা চাপ হিসেবে দেখছেন না সাকিব।
“অনুপ্রেরণা বা বাড়তি চাপ কোনোটাই নয়। সিরিজ যেহেতু তিন ম্যাচের, জিততে হলে যে কোনো দলকে দুটি ম্যাচে জিততে হবে।”
