২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাটিং নিয়ে প্রশ্ন ওঠায় বিরক্ত সাকিব

মাত্র দুটি ওয়ানডেতে নিজেদের মান অনুযায়ী খেলতে পারেননি বাংলাদেশের ব্যাটসম্যানরা। তাতেই স্বাগতিকদের ব্যাটিং নিয়ে প্রশ্ন উঠেছে। এমন প্রশ্নে বিরক্ত হয়েছেন সহ-অধিনায়ক সাকিব আল হাসান। 

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2015, 05:48 PM

Updated : 25 Apr 2022, 01:36 PM

গত নভেম্বরের জিম্বাবুয়ে সিরিজ থেকে ১৯টি ওয়ানডে খেলে ১৪টি জিতে বাংলাদেশ। এসব জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ব্যাটসম্যানরা। কিন্তু ভারতের বিপক্ষে সিরিজের শেষ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ভালো করতে পারেননি তারা।
 
বুধবার সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডের আগে বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসেন সাকিব। বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার মনে করেন, ব্যাটসম্যানরা পারফর্ম করতে পারছেন না এই বক্তব্য সঠিক নয়।
 
“ওয়ানডেতে আমরা পরপর দুই ম্যাচে হেরেছি। কিন্তু তার আগে কিন্তু টানা পাঁচ ম্যাচে জিতেছি। আমাদের পারফরম্যান্স নিয়ে কেউ কথা বলার আগে তার রেকর্ড জানা দরকার।” 
 
দেশের মাটিতে সর্বশেষ তিনটি সিরিজে জিতেছে বাংলাদেশ। জিম্বাবুয়ে-ভারত-পাকিস্তানকে হারানো স্বাগিতকরা এখন অনেক পরিণত দল। এক-দুই ম্যাচে হারলে বা জিতলে আত্মবিশ্বাসে খু্ব একটা প্রভাব ফেলে না বলে জানান সাকিব।  
 
“আমরা এক ম্যাচ হারলে আমাদের আত্মবিশ্বাস তলানিতে চলে যাবে, আবার এক ম্যাচ জিতলে আত্মবিশ্বাস আকাশে চলে যাবে, বিষয়টা এমন না। আমার মনে হয় না, এটা কোনো খেলোয়াড়ের ভিতরে হয়।”

পুরনো খবর:

চট্টগ্রামের মাঠ এখন চাপে!
দেশে জয়ের ধারা ধরে রাখতে চান সাকিব