‘বাংলাদেশের বড় সুযোগ’
উপমহাদেশের দুই পরাশক্তি ভারত-পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের কৃতিত্ব খুব বেশি দিন হয়নি গড়েছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আর একটি জয়ে সেই দুই অসাধারণ অর্জনকে পেছনে ফেলার সুযোগ এসেছে স্বাগতিকদের সামনে।
বিশ্বের অন্যতম শক্তিশালী দলের বিপক্ষে সিরিজ জেতার এই সুযোগ হারাতে রাজি নন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়ের জন্য বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জিততে হবে বাংলাদেশকে। সেই ম্যাচকে দারুণ এক সুযোগ হিসেবে দেখছেন স্বাগতিকদের সহ-অধিনায়ক সাকিব।
“আমরা যখন মাঠে নামি তখন তো সব ম্যাচই জেতার চিন্তা থাকে। অনেক সময় সব ম্যাচ হয়ে উঠে না। হ্যাঁ, এই ম্যাচটি সিরিজ নির্ধারণী। স্বাভাবিকভাবেই একটু বেশি গুরুত্বপূর্ণ। অবশ্যই বড় একটা সুযোগ।”
টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে ভারত, পাকিস্তান ছাড়াও নিউ জিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয়ের কৃতিত্ব আছে বাংলাদেশের। সেই তালিকায় এবার প্রোটিয়াদেরও যোগ করতে চান সাকিব।
“অবশ্যই (এই জয় হবে) পাকিস্তান ও ভারতের থেকে বড়। এখন পর্যন্ত যা করেছি তাও বড়। এর আগে তো কখনও দক্ষিণ আফ্রিকাকে সিরিজে হারাতে পারিনি, এটা করতে পারলে অনেক বড় ব্যাপার হবে।”
