২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যালেঞ্জের জন্য প্রস্তুত দ. আফ্রিকা 

দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে গুঁড়িয়ে দেওয়া বাংলাদেশের সামনে টানা চতুর্থ সিরিজ জয়ের হাতছানি। টি-টোয়েন্টি সিরিজ ও প্রথম ওয়ানডেতে সহজ জয় পেলেও শেষ ম্যাচে চ্যালেঞ্জটা টের পেয়েছেন অতিথিরা। লেগ স্পিনার ইমরান তাহির জানিয়েছেন, স্বাগতিকদের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত তারা।     

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2015, 03:27 PM

Updated : 25 Apr 2022, 01:36 PM

বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজে হার এড়াতে বুধবারের ম্যাচে জিততেই হবে দক্ষিণ আফ্রিকাকে। তাহির জানান, এই চ্যালেঞ্জের জন্য উন্মুখ হয়ে আছেন তারা।   
 
“এখানে আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। শেষবার যখন এখানে খেলেছিলাম উইকেট খুব ভালো ছিল। আমরা চ্যালেঞ্জের জন্য তৈরি হয়ে আছি।”  
 
প্রথম ওয়ানডেতে ৮ উইকেটে জেতার পর দ্বিতীয়টিতে ৭ উইকেটে হারে দক্ষিণ আফ্রিকা। ভারত, পাকিস্তান, নিউ জিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের পর ষষ্ঠ দেশ হিসেবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জেতার সুযোগ এখন স্বাগতিকদের সামনে। তাহির জানান, সিরিজ হারের শঙ্কায় কোনো দুর্ভাবনা নেই তাদের।
  
“আমরা এটা নিয়ে মোটেও উদ্বিগ্ন নই। ওরা যদি ভালো খেলে তাহলে ওরা জিতবে। তবে আমরা এমন একটি দল যারা কখনও চ্যালেঞ্জ থেকে পিছিয়ে যাই না। আমরা এই চ্যালেঞ্জ মোকাবেলায় উন্মুখ হয়ে আছি।”

পুরনো খবর:

চট্টগ্রামের মাঠ এখন চাপে!
দেশে জয়ের ধারা ধরে রাখতে চান সাকিব