২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘চাপে খারাপ খেলার দিন চলে গেছে’

চাপে ভেঙে পড়ার দিন পেছনে ফেলে এসেছে বাংলাদেশ। শান্ত থেকে চাপকে জয় করতে শিখেছেন ক্রিকেটাররা, অন্তত তাই মনে করছেন মুশফিকুর রহিম।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2015, 10:28 PM

Updated : 22 Aug 2022, 11:44 AM

বুধবার ক্যানবেরার ম্যানুকা ওভালে আফগানিস্তানকে ১০৫ রানে হারায় বাংলাদেশ। ৭১ রানের চমৎকার ইনিংস খেলে ম্যাচ সেরা হন মুশফিক। এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান জানান, ম্যাচে সমস্ত চাপ তাদের ওপরই ছিল।

“ওদের হারানোর কিছু নেই। সবাই জানে, এই ম্যাচে আমরা ফেভারিট ছিলাম। ভালো করার সকল চাপ আমাদের ওপর ছিল। আমরা শান্ত থেকে খেলার চেষ্টা করেছি। এখন ঐসব দিন চলে গেছে, যে চাপে থাকলে আমরা খারাপ খেলবো। আমরা চেষ্টা করেছি, পাল্টা আক্রমণ করে খেলতে।”

গত বছর এশিয়া কাপে আফগানিস্তানের কাছে ৩২ রানে হেরেছিল বাংলাদেশ। সেই ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছিলেন মুশফিক। বিশ্বকাপের জয়ে সেই দুঃখ ভুললেন তিনি।  

“বিশ্বকাপে এটা ছিল প্রথম ম্যাচ; প্রস্তুতি পর্বে কোনো ম্যাচ জিতিনি। তাই এই জয় খুব প্রয়োজন ছিল। এটা সহজ নয়, তবে বড় জয়। জিতে অবশ্যই খুব ভালো লাগছে।”

মুশফিক জানান, বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের শুরুতে বাংলাদেশের ক্রিকেটাররা একটু স্নায়ুচাপে ভুগছিলেন। তবে সময় গড়ানোর সঙ্গে ঘুরে ছন্দে ফিরে বাংলাদেশ। আর এতে সামনে থেকে নেতৃত্ব দেন মুশফিক।

মুশফিক ক্রিজে আসার সময় ১১৯ রানে প্রথম চার ব্যাটসম্যানকে হারিয়ে চাপে ছিল বাংলাদেশ। সাকিব-মুশফিকের দৃঢ়তায় সেই চাপ কাটিয়ে লড়াইয়ের পুঁজি গড়ে মাশরাফি বিন মুর্তজার দল।

“আমি ক্রিজে আসার সময় সাকিব ছিল অন্য প্রান্তে। উইকেট খুব ভালো ছিল। জানতাম আমরা কেউ থাকলে আড়াইশ’ রান হবে। অলআউট খেলিনি, তাহলে আউট হওয়ার হওয়ার সম্ভাবনা ছিল।”

সাকিবের সঙ্গে ১১৪ রানের চমৎকার জুটি গড়েন মুশফিক। ওয়ানডেতে এটা এই দুই জনের চতুর্থ শতরানের জুটি। মুশফিক জানান, সাকিবের সঙ্গে ব্যাটিং সবসময়ই উপভোগ করেন তিনি।

“আজ আমাদের দিন ছিল। আমাদের রানের দরকার ছিল, জুটি গড়া দরকার ছিল। জিততে দারুণ কিছু করার দরকার ছিল। সাকিব আমার জুটি সেটাই করে দিয়েছি।”

মুশফিক মনে করেন অভিজ্ঞতায় এগিয়ে থাকার সুবিধা পেয়েছে বাংলাদেশ। তিনি বলেন, “আগে এমন পরিস্থিতিতে ‘প্যানিক’ হয়ে মারতে গিয়ে ২১০/২২০ রানে অলআউট হয়ে যেতাম। আজ আমরা কথা বলে খেলছিলাম। ও মারছিল, আমি দেখে খেলছিলাম; আমি মারলে সে ‘স্ট্রাইক’ দিচ্ছিল।” 

পুরনো খবর:

৪ হাজার রানের মাইলফলকে সাকিব
বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ নিয়ে 'শঙ্কা'
সাকিব-মুশফিকে বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি
শঙ্কা জাগিয়ে রুবেলের ফেরা
বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে বড় জয়
মুশফিকের 'অসাধারণ অনুভূতি'
নবির মুখে মুশফিক ও সাকিবের প্রশংসা
একাদশ নিয়ে মাশরাফির ব্যাখ্যা
হতাশার পর তাসকিনের মুখে হাসি
সাকিবের সামনে আরো পাওয়ার হাতছানি
সৌম্যর প্রশংসায় অধিনায়ক
'ঝুঁকি' নিয়েছিলেন মাশরাফি
অস্ট্রেলিয়াকে হারানো অসম্ভব নয়: মুশফিক
আফগানদের উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের