শঙ্কা জাগিয়ে রুবেলের ফেরা
ক্যাচ নিতে গিয়ে চোট পেয়ে রুবেল হোসেন মাঠের বাইরে চলে যাওয়ায় শঙ্কায় পড়ে গিয়েছিল বাংলাদেশের সমর্থকরা। তবে ঠিকই মাঠে ফিরে তাদের মুখে স্বস্তির হাসি ফোটান এই পেসার।
ক্যানবেরার ম্যানুকা ওভালে বুধবার বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচে ইনিংসের ২৩তম ওভারে মাহমুদুল্লাহ রিয়াদের বলে স্কয়ার লেগে নওরোজের ক্যাচ ধরার পর শরীরের ভারসাম্য ধরে রাখতে না পেরে পড়ে যান রুবেল। টিভিতে দেখা যায়, দলের স্টাফদের কাঁধে ভর করে খুড়িয়ে খুড়িয়ে মাঠ ছাড়ছেন ২৫ বছর বয়সী এই পেসার।
রুবেলের ওই অসাধারণ ক্যাচে নওরোজ ও সামিউল্লাহ সেনওয়ারির চতুর্থ উইকেট জুটির প্রতিরোধ ভাঙে। ৩ রানে ৩ উইকেট হারানোর পর এই জুটির তোলা ৬২ রানে ভর করে বাংলাদেশের বিপক্ষে লড়ছিল বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে আসা আফগানিস্তান।
বল হাতেও ইনিংসের শুরুতে দারুণ ব্রেক থ্রু এনে দেন রুবেল। মাশরাফি বিন মুর্তজা আফগানিস্তানের উদ্বোধনী ব্যাটসম্যান জাভেদ আহমাদিকে ফেরানোর পর অপর উদ্বোধনী ব্যাটসম্যান আফসার জাজাইকে (১ রান) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন রুবেল।
তবে চোট শঙ্কা কাটিয়ে ইনিংসের ৩৩তম ওভারে ফেরেন রুবেল। আরো দুই ওভার বোলিং করেন তিনি এবং পরে আর কোনো উইকেট না পাওয়ায় ৬-০-২৭-১ বোলিং ফিগার নিয়ে ম্যাচ শেষ করেন এই ডান-হাতি পেসার।
