অস্ট্রেলিয়াকে হারানো অসম্ভব নয়: মুশফিক
অস্ট্রেলিয়াকে ভয় পাচ্ছে না বাংলাদেশ। আইসিসি র্যাঙ্কিংয়ের শীর্ষ দলকে হারানোর ব্যাপারে আত্মবিশ্বাসী মুশফিকুর রহিম।
বুধবার ক্যানবেরার ম্যানুকা ওভালে আফগানিস্তানকে ১০৫ রানে হারায় বাংলাদেশ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, “অস্ট্রেলিয়া এক নম্বরে আছে। ওদের হারানো সহজ হবে না, কিন্তু অসম্ভবও নয়।”
৭১ রানের চমৎকার ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার জেতা মুশফিক বলেন, “ওয়ানডেতে এক দল প্রতিদিনই জিতবে না। এই ক্রিকেটে যে কেউই জিততে পারে। কেউ কেউ ভাবছে অস্ট্রেলিয়া সহজেই জিতবে। তবে আমাদেরও প্রমাণের কিছু আছে। আমরা নিজেদের সেরাটা খেলার চেষ্টা করবো।”
মুশফিক জানান, আফগানিস্তানের সঙ্গে শতরানের জয়ে উজ্জ্বীবিত হয়ে আছেন তারা। তিনি বলেন, “চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত। এখনো আমাদের উন্নতির অনেক জায়গা আছে। তিন বিভাগেই আমাদের উন্নতি করতে হবে। সবারই নিজেদের ওপর আস্থা আছে। আশা করি, আমরা কিছু ভালো ম্যাচ খেলবো।”
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম চার ব্যাটসম্যান আউট হন উইকেটে থিতু হয়ে। পরের ম্যাচে থিতু হতে পারলে বড় ইনিংস দেখতে চান মুশফিক।
জয় দিয়ে বিশ্বকাপ শুরু করে আত্মবিশ্বাসী বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও। আফগানিস্তানকে হারানোর পর জয়ের ধারাবাহিকতা পরের ম্যাচগুলোতে ধরে রাখতে চান তিনি।
“ধারাবাহিক পারফরম করা খুব প্রয়োজন। ভালো শুরু হওয়ায় সবাই আত্মবিশ্বাসী থাকবে। সামনে আরো বড় ম্যাচ আছে। নিজেকে আরো ভালোভাবে প্রস্তুত করতে হবে।”
আগামী শনিবার গ্যাবায় অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। মাশরাফির বিশ্বাস, বিশ্বের অন্যতম দ্রুততম উইকেটে সাফল্য পাবেন রুবেল হোসেন ও তাসকিন আহমেদ।
“রুবেল, তাসকিন ১৪০ কিলোমিটারে বল করতে পারে। সঠিক জায়গায় এই পেসে ওরা বল করতে পারলে কাজ হবেই। আশা করি, আজকের মতো অন্য সব ম্যাচেও ওরা পারবে। ভালো বল সব সময়ই ভালো বল। প্রতিপক্ষ কে তা কোনো ব্যাপার নয়।”
অস্ট্রেলিয়ার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েছে বাংলাদেশ। গ্যাবার উইকেটেও এখন আর ব্যাটিংয়ে ভালো করতে সমস্যা হবে না বলে মনে হয় না মাশরাফির।
“সবাই বুঝতে পেরেছে, এই ধরণের উইকেটে কেমন ব্যাটিং করতে হবে। উইকেট নিয়ে এতো চিন্তার কিছু নেই। ভালো বল ভালো বলই, খারাপ বল খারাপ বলই।”
