২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'ঝুঁকি' নিয়েছিলেন মাশরাফি

আফগানিস্তান ম্যাচের পর বাংলাদেশের অধিনায়ক স্বীকার করেছেন, একজন বাঁহাতি স্পিনার নিয়ে ঝুঁকি নিয়েছিলেন তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2015, 08:05 PM

Updated : 25 Apr 2022, 01:02 PM

আফগানিস্তানের বিপক্ষে বিশাল জয় পাওয়ার পর বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জানিয়েছেন, মাত্র একজন বাঁহাতি স্পিনার নিয়ে একটু ঝুঁকিই নিয়েছিলেন তারা।

বুধবার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ১০৫ রানে হারায় বাংলাদেশ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, “আমরা সাধারণত দুই জন বাঁহাতি স্পিনার নিয়ে খেলি। আজ এক জন কম নিয়ে খেলেছিলাম। এই ব্যাপারটায় একটা ঝুঁকি কিন্তু ছিলই।”

এদিন একমাত্র বাঁহাতি হিসেবে ছিলেন অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশ দলে তিনি ছাড়া বাঁহাতি স্পিনার আছেন আরাফাত সানি ও তাইজুল ইসলাম।

বাংলাদেশের অধিনায়ক জানান, উইকেট দেখার পর থেকেই জয়ের ব্যাপারে আশাবাদী ছিলেন তিনি। তবে জয়ের জন্য বোলারদের কৃতিত্ব দিলেন তিনি।

“উইকেট দেখে বুঝেছিলাম ভালো শুরু হলে আমরাই জিতব। এই উইকেট আমাদের জন্য মানানসই ছিল। আর এতে যেমন বোলিং দরকার ছিল সবাই তা করতে পেরেছি। বোলাররা চিন্তা করেছি, ২৬৭ যথেষ্ট হয়তো না। তাই ২০ রান কম ধরে বল করার চেষ্টা করেছি।”

গত বছর এশিয়া কাপে দেশের মাটিতে আফগানিস্তানের কাছে ৩২ রানে হেরেছিল বাংলাদেশ। ম্যাচের আগে সমস্ত চাপ টেস্ট খেলুড়ে দেশটির ওপরই ছিল। জয় তাই স্বস্তি হয়ে এসেছে বাংলাদেশ শিবিরে।

“সবার মনেই সন্দেহ ছিল, ভালো না খেলতে পারলে হয়তো হারতে পারতাম। (এই জয়ে আমরা) রোমাঞ্চিত না। এই ম্যাচ জিতে রোমাঞ্চিত হওয়ার কিছু নেই। সামনে আরো গুরুত্বপূর্ণ ম্যাচ আসছে। আমার বিশ্বাস, সবাই এখন আরো ফোকাসড থাকবে।”

ক্যানবেরার ম্যানুকা ওভালে বাংলাদেশের ছুড়ে দেয়া ২৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৬২ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান।