নবির মুখে মুশফিক ও সাকিবের প্রশংসা
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে হারের হতাশা থাকলেও প্রতিপক্ষ দলের মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানকে প্রশংসা করতে ভোলেননি আফগানিস্তান অধিনায়ক মোহাম্মদ নবি।
বাংলাদেশের কাছে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ১০৫ রানের বড় ব্যবধানে হারে আফগানিস্তান। আগে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের ২৬৭ রান তোলায় দারুণ অবদান রাখেন মুশফিক ও সাকিব। পঞ্চম উইকেট জুটিতে ১১৪ রান তোলেন দুজনে; বিশ্বকাপে এটি বাংলাদেশের যে কোনো জুটির সর্বোচ্চ রান।
তাই মুশফিক ও সাকিবের এই জুটিকেই প্রশংসা করতে গিয়ে আফগানিস্তান অধিনায়ক নবি বলেন, “মুশফিক ও সাকিব খুবই ভালো খেলেছে এবং তারা স্কোরটাকে ২৬০ রানে (আসলে ২৬৭) নিয়ে যায়।”
ক্যানবেরার ম্যানুকা ওভালে বুধবার বাংলাদেশের দেয়া ২৬৮ রানের লক্ষ্যে নেমে ১৬২ রানে অলআউট হয় আফগানিস্তান। মাশরাফি বিন মুর্তজা ও রুবেল হোসেনের বোলিং তোপে শুরুর তিন ওভারেই তিন উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে দলটি। বড় হারের পেছনের কারণ তাই খুঁজে পেয়েছেন নবি।
“নওরোজ মঙ্গল ও সামি ভালো ব্যাটিং করে কিন্তু আমরা শুরুতেই অনেকগুলো উইকেট হারিয়ে ফেলি।”
গত এশিয়া কাপে বাংলাদেশকে হারিয়েছিল আফগানিস্তান। সেই বাংলাদেশের বিপক্ষে হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হলেও হাল ছাড়ছেন না নবি। ক্যানবেরায় আসা সমর্থকদের ধন্যবাদ জানিয়ে পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন আফগানিস্তান অধিনায়ক।
ডানেডিনে আগামী রোববার গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ১৯৯৬ সালের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার মুখোমুখি হবে আফগানিস্তান।
