সৌম্যর প্রশংসায় অধিনায়ক
তরুণ অলরাউন্ডার সৌম্য সরকারের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
বুধবার ক্যানবেরার ম্যানুকা ওভালে আফগানিস্তানের বিপক্ষে ১০৫ রানে জেতা ম্যাচে বিশ্বকাপ অভিষেক হয় সৌম্যসহ বাংলাদেশের পাঁচ ক্রিকেটারের। বাকি চার জন হলেন এনামুল হক, মুমিনুল হক, সাব্বির রহমান ও তাসকিন আহমেদ।
১৭তম ওভারে ক্রিজে আসেন সৌম্য। বাংলাদেশের সংগ্রহ তখন ২ উইকেটে ৫২ রান। এসেই পাল্টা আক্রমণে দ্রুত রান তুলতে থাকেন এই বাঁহাতি ব্যাটসম্যান।
২৫ বলে ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৮ রানের আক্রমণাত্মক ইনিংস খেলার পথে মাহমুদুল্লাহর সঙ্গে ৫০ রানের জুটি গড়েন সৌম্য। পরে ৩ ওভার বল করে ১৩ রান দেন তিনি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, “সৌম্য সরকারের কথা আলাদাভাবে বলবো। ও যখন ব্যাটিংয়ে যায় দল তখন চাপে ছিল। ও খুব ইতিবাচক ব্যাটিংয়ের চেষ্টা করেছে। আজ হয়তো স্কোর বড় করতে পারেনি; তবে আমার মনে হয় ওর ব্যাটিং সবারই ভালো লেগেছে।”
বোলিংয়ে ভালো করেন তাসকিন। জোরে বল করতে পারা এই পেসারের পারফরম্যান্সে সন্তুষ্ট বাংলাদেশের অধিনায়ক।
তামিম ইকবালের সঙ্গে ৪৭ রানের উদ্বোধনী জুটি গড়া এনামুলের ব্যাট থেকে আসে ২৯ রান। ব্যাটিংয়ের খুব একটা সুযোগ হয়নি অন্য দুই ব্যাটসম্যান সাব্বির ও মুমিনুলের। দুই জনই করেন ৩ রান করে। সাব্বির ৪৫ ও মুমিনুল ৪৮তম ওভারে ক্রিজে আসেন।
বাংলাদেশের অধিনায়ক আশাবাদী, সামনের ম্যাচগুলোতে আরো ভালো খেলবেন তরুণরা। প্রথম ম্যাচে জেতায় আত্মবিশ্বাস বেড়েছে খেলোয়াড়দের। মাশরাফির বিশ্বাস, এই আত্মবিশ্বাস পরের ম্যাচে তরুণদের ভালো খেলতে সহায়তা করবে।
