২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাকিব-মুশফিকে বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি

ওয়ানডেতে বাংলাদেশের সবচেয়ে সফল জুটি সাকিব আল হাসান আর মুশফিকুর রহিম জ্বলে উঠলেন বিশ্বকাপেও। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি গড়েছেন বাংলাদেশের অন্যতম সেরা এই দুই ব্যাটসম্যান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2015, 02:41 PM

Updated : 22 Aug 2022, 11:44 AM

আফগানিস্তানের বিপক্ষে ২০১৫ বিশ্বকাপ অভিযান শুরুর ম্যাচে পঞ্চম উইকেট জুটিতে ১১৪ রান তোলেন সাকিব ও মুশফিক। ইনিংসের শুরুর দিকে কিছুটা বিপদে পড়া বাংলাদেশকে শেষ পর্যন্ত ভালো সংগ্রহ এনে দেন তারা। তাদের ১১৪ রানের জুটির কল্যাণেই ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৬৭ রান করতে পারে টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ।

১১৯ রানে ৪ উইকেট হারানোর পর জুটি বাধেন সাকিব ও মুশফিক। ১৫.৩ ওভার স্থায়ী জুটিটি ভাঙে ৫১ বলে ৬৩ রান করে সাকিব আউট হলে। এই জুটিতে ৭.৩৫ গড়ে রান তোলেন সাকিব-মুশফিক। আউট হওয়ার আগে ৫৬ বলে ৭১ রান করেন মুশফিক।

বিশ্বকাপে এর আগে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটিটি ছিল ইমরুল কায়েস ও জুনায়েদ সিদ্দিকের। ২০১১ বিশ্বকাপে চট্টগ্রামে নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিতীয় উইকেট জুটিতে ৯২ রান তুলেছিলেন তারা। ম্যাচটি ৬ উইকেটে জিতেছিল বাংলাদেশ।

ওয়ানডেতে মুশফিক-সাকিব জুটিতে রান হলো ১ হাজার ৭২৫। ১ হাজার ২৪৮ রান করে দ্বিতীয় স্থানে আছে মোহাম্মদ আশরাফুল ও তামিম ইকবালের জুটি।

পুরনো খবর:

৪ হাজার রানের মাইলফলকে সাকিব