সাকিবের সামনে আরো পাওয়ার হাতছানি
আফগানিস্তানের বিপক্ষে ৬৩ রানের ইনিংস খেলার পথে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে চার হাজার রানের মাইলফলকে পা রেখেছেন সাকিব আল হাসান। দেশসেরা এই অলরাউন্ডারের সামনে এখন বিশ্বকাপে দেশের হয়ে সর্বোচ্চ উইকেট নেয়ার কীর্তিও অপেক্ষা করছে।
আগে থেকেই বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক (৩৪৪) ছিলেন সাকিব। অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডের এ আসরে নিজেদের প্রথম ম্যাচে ৬৩ রানের গুরুত্বপূর্ণ এক ইনিংস খেলে ব্যক্তিগত বিশ্বকাপ রানকে ৪০৭-এ নিয়ে গেছেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান। বিশ্বকাপে দেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান তামিম ইকবালের (৩৪৮)।
ম্যানুকা ওভালে বুধবার খেলা ইনিংস দিয়ে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে চার হাজার রান তোলেন সাকিব। ২৭ বছর বয়সী এই অলরাউন্ডারের ১৪২ ওয়ানডেতে রান ৪ হাজার ৪০।
বল হাতেও আফগানিস্তানের বিপক্ষে আলো ছড়িয়েছেন সাকিব। ৮.৫ ওভার বল করে ৪৩ রানে দুই উইকেট নেন তিনি। এ নিয়ে বিশ্বকাপে সাকিবের উইকেট হলো ১৭টি। আর চার উইকেট হলে বিশ্বকাপে দেশের হয়ে সর্বোচ্চ উইকেট পাওয়া আব্দুর রাজ্জাককে (২০টি) পেছনে ফেলবেন তিনি।
