প্রথম ম্যাচে চাপে ছিল ভারত: শাস্ত্রি
এশিয়া কাপের প্রথম ম্যাচে যে মাশরাফি বিন মুর্তজার দল কাঁপিয়ে দিয়েছিল ভারতকে, সেটা ভোলেননি রবি শাস্ত্রি। ভারত ক্রিকেট দলের এই পরিচালক ফাইনালের আগে স্বাগতিকদের কঠিন প্রতিপক্ষ হিসেবেই দেখছেন।
আগামী রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের শিরোপা নির্ধারণী ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। তার আগের দিন সংবাদ সম্মেলনে শাস্ত্রি জানান, ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই প্রত্যাশা করছেন তিনি।
“সেটা একটা ভালো ম্যাচ ছিল। বাংলাদেশকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করাটা ছিল খুব ভালো ব্যাপার। সেই ম্যাচে আমরা চাপে ছিলাম, কিন্তু শেষ ১০ ওভারে ঘুরে দাঁড়াই। কিন্তু সব ম্যাচই কঠিন ম্যাচ।”
শাস্ত্রি মনে করেন, ম্যাচ কিভাবে শেষ হল সেটাই বেশি জরুরি। একই সঙ্গে ব্যাটিং-বোলিংয়ের ভারসাম্যও গুরুত্বপূর্ণ, “আমরা টুর্নামেন্টে খুব ভালো করছি। কিন্তু প্রথম ম্যাচ খুব কঠিন ছিল।”
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ভারতের কাছে ৪৫ রানে হেরেছিল বাংলাদেশ।
