২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবেগের জোয়ারে ভাসতে চাইছেন না মাশরাফি

এশিয়া কাপের ফাইনাল নিয়ে দেশজুড়ে আবেগের জোয়ার বইলেও তাতে ভাসছেন না মাশরাফি বিন মুর্তজা। দলকেও এই স্রোত থেকে দূরে রাখতে চেষ্টা করছেন বাংলাদেশ অধিনায়ক।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2016, 07:06 PM

Updated : 12 Apr 2022, 01:33 AM

বাংলাদেশ দলের সাফল্যের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ক্রিকেট নিয়ে মানুষের আবেগ। এশিয়া কাপের ফাইনালকে ঘিরে আরও তীব্র হয়েছে আবেগের স্রোত। এটিকে খুব অস্বাভাবিক মনে করছেন না মাশরাফি। ফাইনালের আগের দিন মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে অধিনায়ক জানালেন, বাস্তবতার সঙ্গে লড়াই করার চেষ্টা করছে দল।

“আবেগ থাকা খুবই স্বাভাবিক। কারণ আমরা সবসময় এরকম সুযোগ পাই না। তারপর আবার দেশের মাটিতে খেলা। এটাকে আর দশটা ম্যাচের মতো নেওয়া আমাদের জন্য সহজ নয়। তারপরও চেষ্টা করছি যতটা স্বাভাবিক থেকে ক্রিকেট খেলা যায়।”

কাজটা যদিও কঠিন। তবু উপচে পড়া আবেগের ছোঁয়া থেকে দলকে দূরে রাখতে চেষ্টা করছেন অধিনায়ক।

“এসব আসলে আমাদের চিন্তা করার বিষয় না। পেশাদার হিসবে আমাদের উচিত শুধু ম্যাচ নিয়েই ভাবা। আমরা সেটাই চাচ্ছি এবং করছি। ছেলেরা যতটা সম্ভব স্বাভাবিক থাকার চেষ্টা করছে। টুর্নামেন্টের আগে আমরা চেয়েছিলাম যে, এশিয়া কাপের আগে যেভাবে খেলছিলাম, সেটায় যেন উন্নতি করতে পারি। গ্রাফটা ঊর্ধ্বমুখী মানে এই না যে আমরা বড় দল হয়ে গেছি। আমরা যেভাবে উন্নতি করছি, এ রকম করতে থাকলে আমরা ভালো করতে পারব।”

পুরনো খবর:

মাশরাফিদের সামনে ইতিহাসের হাতছানি