সময় হলেই অবসরের সিদ্ধান্ত নেবেন মাশরাফি
দলের সবার সঙ্গে কথা বলে তবেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের সিদ্ধান্ত নেবেন মাশরাফি বিন মুর্তজা। সময় হলেই সেই সিদ্ধান্ত জানাবেন বাংলাদেশ অধিনায়ক।
আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়েই মাশরাফি আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানাবেন বলে গুঞ্জন চলছে দেশের ক্রিকেট আঙিনায়। সেটা সত্যি হলে, রোববার ভারতের বিপক্ষে এশিয়া কাপের ফাইনালই হয়ে থাকবে দেশের মাটিতে মাশরাফির শেষ টি-টোয়েন্টি।
ফাইনালের আগের দিন সংবাদ সম্মেলনে এটা নিয়ে প্রশ্নও হলো। প্রশ্নকর্তাকে হাসিমুখে মাশরাফি বললেন, “আপনাকে কে বলেছে দেশের মাটিতে শেষ ম্যাচ? অনেকে বলেছে, আমি তো কখনও বলিনি!”
হাসির রেশেই মাশরাফি যোগ করলেন, “এই ফাইনাল আমাদের জন্য বড় একটি ম্যাচ। আমার শুরু বা শেষ কোনো ব্যাপার নয়। বাংলাদেশ ক্রিকেটের জন্য বড় ম্যাচ। আমরা সর্বোচ্চটা চেষ্টা করব।”
‘আমার শুরু বা শেষ’ - চাইলে অনেকে এই কথা থেকেও খুঁজে নিতে পারেন সূত্র। তবে সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মাশরাফি জানালেন, ওই সূত্র খোঁজার সময় এখনও হয়নি।
“আপনাকে এটুকু বলতে পারি, অবসরের সিদ্ধান্ত সময় হলেই নেব। আমি একটি দলের অংশ, কাজেই সতীর্থদের সঙ্গে কথা বলার ব্যাপার আছে। সময় হলে সবার সঙ্গে কথা বলেই আমি সিদ্ধান্ত নেব।”
মাশরাফির অবসরের গুঞ্জনটার একটি ভিত্তি বাংলাদেশের টি-টোয়েন্টি সূচি। এখনও পর্যন্ত যা সূচি, নতুন করে ম্যাচ ঠিক না করা হলে বিশ্বকাপের পর এই বছর বাংলাদেশের আর কোনো টি-টোয়েন্টি নেই। বাংলাদেশের পরের টি-টোয়েন্টি আগামী জানুয়ারিতে নিউ জিল্যান্ডে।
তাছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপ এখন ২ বছর পর পর হলেও পরের বার থেকে এই বিশ্বকাপও হবে চার বছরের ব্যবধানে। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২০ সালে অস্ট্রেলিয়ায়। নানা বাস্তবতা বিবেচনায় মাশরাফির ক্যারিয়ার অত দূর লম্বা হওয়ার সম্ভাবনা সামান্যই।
মাশরাফি জানালেন, সিদ্ধান্ত নেবেন সব দিক ভেবেই। তবে এখনই সেটা নিয়ে কথা বলার সময় হয়নি।
“যেটা বললাম যে, দলের সবার সঙ্গে কথা বলার প্রয়োজন আছে। এখন আমরা একটা গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে আছি, সামনে আরেকটি বড় টুর্নামেন্ট। কাজেই এখন অন্য কিছু ভাবার বা দলকে অন্য কিছুতে সম্পৃক্ত করার সময় নয়।”
