সাকিবের চোট-শঙ্কা
শুক্রবার বাংলাদেশের অনুশীলনে চোট পেয়েছেন সাকিব আল হাসান। শনিবার বিকেল পর্যন্ত ব্যথা অনুভব করেছেন বাংলাদেশের অলরাউন্ডার। তবে রোববার ফাইনাল খেলা নিয়ে শঙ্কা আছে কমই।
শনিবার দুপুরে বাংলাদেশের অনুশীলনের আগে একটু খুঁড়িয়ে হাঁটতে দেখা যায় সাকিবকে। অনুশীলনে শুধু কিছুক্ষণ হালকা ব্যাটিং করেছেন।
অনুশীলন শেষে বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান নিশ্চিত করলেন সাকিবের চোট।
“সাকিব গতকাল অনুশীলনে ব্যথা পেয়েছে। ‘হিপ ফ্লেক্সর’ ইনজুরি, আমরা বলি কন্টিউশন ইনজুরি। সবার বোঝার জন্য বলা যেতে পারে, ঊরুর মাসলে চোট। বাম ঊরুতে বল লেগে চোট পেয়েছে সাকিব।”
ফিজিও জানালেন, রোববারের ফাইনালে সাকিবের খেলা নিয়ে শঙ্কা খুব বেশি নেই।
“এখন মোটামুটি ভালো আছে। আজকে আমাদের ঐচ্ছিক অনুশীলন ছিল। আমাদের নিষেধ ছিল অনুশীলন করতে, তার পরও ও একটু করেছে। খুব বেশি করেনি অবশ্য। ভালো আছে এমনিতে। আগামীকাল খেলা নিয়ে টেনশন কিছু নেই। তার আগেই রিকভার করবে আশা করি।”
শনিবার বিকেল পর্যন্ত ব্যথা অনুভব করেছেন সাকিব। তবে নতুন করে অনুশীলন করায় আর ব্যথা বাড়েনি বলেই জানালেন ফিজিও। তার পরও চূড়ান্ত সিদ্ধান্ত রোববার ম্যাচের আগেই নেওয়া হবে।
“২৪ ঘণ্টা পার হয়নি, এজন্য একটু ব্যথা আছে। ইনজেকশন দিলেই যে কমে যবে, সেটা জরুরি কিছু নয়। অনেক ক্ষেত্রে রেসপন্স করে, অনেক ক্ষেত্রে করে না। তবে তবে নতুন করে আর ব্যথা পায়নি। কন্টিউশনের ব্যথা ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে নাটকীয়ভাবেই উন্নতি করে। দেখা যাক, আগামী কাল সিদ্ধান্ত নেব। আশা করছি সেরাটাই হবে।”
