২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালের অনুপ্ররণা বাংলাদেশের বিপক্ষে সেই জয়

যুব ওয়ানডের আন্তর্জাতিক ম্যাচে একবারই বাংলাদেশের মুখোমুখি হয়েছিল নেপাল। সেই ম্যাচে মোহাম্মদ আশরাফুল, আফতাব আহমেদ, নাফিস ইকবালে গড়া দলকে হারিয়ে চমকে দিয়েছিল দলটি। ২০০২ বিশ্বকাপে পাওয়া সেই জয়ই এবার নেপালের অনুপ্রেরণা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2016, 04:11 PM

Updated : 25 Jul 2022, 09:19 PM

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের এবারের আসরে আয়ারল্যান্ড, নিউ জিল্যান্ডকে হারিয়ে ‘ডি’ গ্রুপ থেকে সুপার লিগ কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করে নেপাল। ভারতের কাছে শেষ ম্যাচে হেরে নিজেদের গ্রুপে দুই নম্বরে রয়েছে দলটি।

সুপার লিগে নেপালের সম্ভাব্য প্রতিপক্ষ বাংলাদেশ। নিজেদের শেষ ম্যাচে নামিবিয়াকে হারালে মেহেদি হাসানের মিরাজের দল হবে ‘এ’ গ্রুপের সেরা।

স্বাগতিক বাংলাদেশের শক্তি-সামর্থ্য নিয়ে কোনো সংশয় নেই ব্যাটিং অলরাউন্ডার আরিফ শেখের মনে। তবে নেপালের এই তরুণ জানান, তারা উন্মুখ হয়ে আছেন আরেকটি জয়ের আশায়।

“২০০২ বিশ্বকাপের সেই জয়ের কথা মনে আছে আমাদের। সেবার আমরা প্লেট সেমি-ফাইনালে বাংলাদেশকে হারিয়েছিলাম। আমাদের এবারের দলটি আরও ভালো। আমরা এবারও তেমন কিছু করতে মুখিয়ে আছি।”  

সেই ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৮০ রান করে নেপাল। জবাবে ১৫ বল বাকি থাকতে ১৫৭ রানে অলআউট হয়ে যায় নাফিসের বাংলাদেশ। ২৩ রানের সেই জয় এবার সেমি-ফাইনালে যাওয়ার স্বপ্ন দেখাচ্ছে আরিফকে।

“একবার যখন বাংলাদেশকে হারিয়েছি, আবার কেন নয়? এর মধ্যে আমরা দক্ষিণ আফ্রিকা, নিউ জিল্যান্ডের মতো দলকে হারিয়েছি। আমাদের নিজেদের ওপর আস্থা রয়েছে। আমরা বিশ্বাস করি, নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে যে কাউকেই হারাতে পারব।”

পুরনো খবর:

নামিবিয়া ম্যাচ বাংলাদেশের ‘ফাইনাল’!
২৪০ রানই বাংলাদেশের জন্য যথেষ্ট
বাংলাদেশকে ‘ফেভারিট’ মানছে না নামিবিয়া
স্পিনে বাংলাদেশকে নেপালের হুমকি
আরও বড় কিছুর অপেক্ষায় নামিবিয়া
বিশ্বকাপ নয়, সিরিজ খেলছে বাংলাদেশ!
ড্রেসিংরুমের প্রাণ ভোমরা শাওন গাজী!
‘টিম স্পিরিট’ নিয়ে বাংলাদেশের বিপক্ষে নামছে নামিবিয়া
সঞ্জিতের বদলে বাংলাদেশ দলে মোসাব্বেক