সঞ্জিতের বদলে বাংলাদেশ দলে মোসাব্বেক
অবৈধ অ্যাকশনের কারণে বোলিংয়ে নিষিদ্ধ সঞ্জিত সাহার বদলে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের বাংলাদেশ দলে নেওয়া হয়েছে মোসাব্বেক হোসেন সানকে।
সঞ্জিতের মতো মোসাব্বেকও অফ স্পিনার, পাশাপাশি ব্যাটের হাতও বেশ ভালো। অনুর্ধ্ব-১৯ দলের এই ব্যাচেরই অংশ ছিলেন ১৭ বছর বয়সী এই অলরাউন্ডার। খেলছিলেন নিয়মিতই। তবে গত জুলাইয়ে দক্ষিণ আফ্রিকা সফরের পর জায়গা হারান দলে।
যুব বিশ্বকাপের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রশ্নবিদ্ধ হয় সঞ্জিতের বোলিং অ্যাকশন। পরে ভিডিও বিশ্লেষণ করে দ্বিতীয় ম্যাচের আগের রাতে আইসিসির বিশেষজ্ঞ কমিটি জানিয়ে দেয়, অবৈধ অ্যাকশনের কারণে বোলিং করতে পারবেন না সঞ্জিত।
