২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশকে ‘ফেভারিট’ মানছে না নামিবিয়া

বাংলাদেশকে কোনোভাবেই ফেভারিট মানছে না নামিবিয়া। মঙ্গলবার স্বাগতিকদের হারিয়েই সেটির প্রমাণ রাখতে চায় এবারের যুব বিশ্বকাপের অন্যতম চমক এই দলটি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2016, 08:44 PM

Updated : 11 Oct 2022, 07:42 PM

পুরনো খবর:

নামিবিয়া ম্যাচ বাংলাদেশের ‘ফাইনাল’!
২৪০ রানই বাংলাদেশের জন্য যথেষ্ট
স্পিনে বাংলাদেশকে নেপালের হুমকি
আরও বড় কিছুর অপেক্ষায় নামিবিয়া
বিশ্বকাপ নয়, সিরিজ খেলছে বাংলাদেশ!
ড্রেসিংরুমের প্রাণ ভোমরা শাওন গাজী!
‘টিম স্পিরিট’ নিয়ে বাংলাদেশের বিপক্ষে নামছে নামিবিয়া
সঞ্জিতের বদলে বাংলাদেশ দলে মোসাব্বেক
নেপালের অনুপ্ররণা বাংলাদেশের বিপক্ষে সেই জয়

গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে হারানোর পরই নামিবিয়া কোচ নর্বার্ট মানিয়ান্ডে হুমকি দিয়েছিলেন বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকাকেও হারানোর। অনেকেই তখন মুখ টিপে হেসেছিলেন, তারাই এখন খুঁজছেন মুখ লুকানোর জায়গা। বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাকে বিদায় করে দিয়ে কোয়ার্টার-ফাইনালে উঠেছে নামিবিয়া।

এবার নামিবিয়া তাকিয়ে পরের লক্ষ্যপূরণের দিকে। গ্রুপ শীর্ষে থাকার লড়াইয়ে সামনে এবার প্রতিপক্ষ বাংলাদেশ। স্বাগতিকরা এবার টুর্নামেন্টেরই অন্যতম ফেভারিট। তবে সোমবার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে মানিয়ান্ডে উড়িয়ে দিলেন ফেবারিট তত্ত্ব।

“কোনো দিক থেকেই বাংলাদেশ ফেভারিট নয়। এই মুহূর্তেও তো রান রেটে এগিয়ে থেকে আমরাই শীর্ষে! ওরা টেস্ট খেলুড়ে দেশ, সেদিক থেকে বলতে পারেন ওরা ফেভারিট। কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারি, কালকে কোনো দলই ফেভারিট না। আমরা ওদের সমান্তরালেই।”

বাংলাদেশের কন্ডিশনকেও খুব বড় বাধা মনে করছেন না নামিবিয়ান কোচ।

“বাংলাদেশ অবশ্যই কন্ডিশনে অভ্যস্ত। তবে আমরাও দুটি ম্যাচ খেলে ফেলেছি। আমরা বেশ আত্মবিশ্বাসী। যেভাবে আমরা জিতে এসেছি, সেটা করতে পারলে না জেতার কারণ নেই।”

কক্সবাজারের মন্থর উইকেটে বাংলাদেশের স্পিন আক্রমণ অনেক বড় চ্যালেঞ্জ হওয়ার কথা নামিবিয়ার জন্য। কিন্তু এটিকে পাত্তাই দিলেন না মানিয়ান্ডে।

“বাংলাদেশের স্পিন আক্রমণ ভালো। তবে ক্রিকেট খেলায় দিনটি যদি পক্ষে থাকে, তাহলে প্রতিপক্ষ দলে কে বোলিং করল বা না করল, তাতে কিছু যায় আসে না!”

কোচের একটু আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নামিবিয়া অধিনায়ক জেন গ্রিনও জানিয়ে গেলেন বাংলাদেশকে হারানোর প্রত্যয়।

“বাংলাদেশের বিপক্ষে আমরা ইতিবাচক মানসিকতা নিয়ে মাঠে নামব আমরা। জয়ের জন্যই মাঠে নামব। সামর্থ্যের সবটুকু দিয়ে চাইব জিততে। ক্রিকেটে হতে পারে যে কোনো কিছুই!”