বিশ্বকাপ নয়, সিরিজ খেলছে বাংলাদেশ!
ক্রিকেট বিশ্বের কাছে বাংলাদেশে চলমান টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ হতে পারে, কিন্তু বাংলাদেশ দলের কাছে এটি স্রেফ একটি দ্বিপাক্ষিক সিরিজ!
বাংলাদেশ দল অবশ্যই টুর্নামেন্ট বুঝতে ভুল করেনি। ভাবনাটা মনস্তাত্ত্বিক। দেশের মাটিতে খেলা, প্রত্যাশার চাপ থেকে নিজেদের আড়াল করতে মনস্তাত্ত্বিক বর্ম হলো এই ভাবনা। বিশ্বকাপের চাপে ক্রিকেটাররা যেন কাবু না হয়, এজন্য বিশ্বকাপের আবহ থেকেই দলকে নিরাপদ দূরত্বে রাখতে চাইছেন বাংলাদেশ যুব দলের অধিনায়ক ও সহ-অধিনায়ক।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে নামিবিয়ার বিপক্ষে মাঠে নামার আগের দিন সোমবার কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে দলের ভেতরের এই খবর জানালেন স্পিনার সালেহ আহমেদ শাওন গাজী।
“আমরা এটিকে বিশ্বকাপ নয়, সিরিজ হিসেবে দেখছি। আমাদের অধিনায়ক মিরাজ, সহ-অধিনায়ক শান্ত, সবাই টুর্নামেন্টের আগে বলেছে, এখনও বলছে যে আমরা একটা দ্বিপাক্ষিক সিরিজ যেভাবে খেলি, ওরকম সিরিজ খেলব। বিশ্বকাপ খেলছি, ওরকম কোনো টেনশনই নেই মাথায়। চ্যাম্পিয়ন হতে হবে, এরকম ভাবনা নেই।”
“কেন সম্ভব নয়? এভাবে ভাবা সম্ভব হয়, বিশ্বাস করলেই হয়। আত্মবিশ্বাসটাই আসল, বিশ্বকাপ জিততে হলে ৬টি ম্যাচ জিততে হবে। আমরা ৩ ম্যাচের দুটি সিরিজে ভাগ করেছি। গ্রুপে ৩ ম্যাচ, এরপর সুপার লিগে ৩ ম্যাচ। দুটি ম্যাচ আমরা জিতেছি, বাকি চারটি জিততে হবে। এই তো!”
মঙ্গলবার নামিবিয়ার বিপক্ষে জিতলে কল্পিত এই প্রথম ‘সিরিজ’ ৩-০ তে জিতবে বাংলাদেশ। পরের ‘সিরিজে’ প্রথম ম্যাচ, কোয়ার্টার-ফাইনালে প্রতিপক্ষ সেক্ষেত্রে হবে নেপাল।
