ড্রেসিংরুমের প্রাণ ভোমরা শাওন গাজী!
হাসি, মজা, কৌতুকে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ড্রেসিং রুম মাতিয়ে রাখেন সালেহ আহমেদ শাওন গাজী। বাঁহাতি এই স্পিনারের ক্রিকেট ও জীবন দর্শনও এটিই, উপভোগ করা।
বাংলাদেশ যুব দলের অনুশীলনে খুব সহজেই আলাদা করে চোখে পড়ে শাওনকে। স্থির থাকেন তিনি খুব কম সময়ই। ছুটোছুটি-হুড়োহুড়ি, এর পেছনে লাগা, ওর সঙ্গে খুনসুটি, মজা, ঠাট্টা করায় ক্লান্তি নেই। মাঠে ম্যাচের সময়ও থাকেন উৎফুল্ল, চাঙা রাখেন সবাইকে।
সংবাদমাধ্যমের সামনেও একই রকম সপ্রতিভ, উচ্ছ্বল বাঁহাতি এই স্পিনার। সোমবার কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে ক্যামেরা, মাইক্রোফোন, রেকর্ডারের সামনে অকপটে শোনালেন নিজের দর্শন।
“চাপ বলে কিছু নেই। আমার ভেতর কোনো চাপ কাজ করে না। সবসময় ফ্রি খেলি। ক্রিকেট খেলাটা ফান, সবসময় ফান হিসেবেই দেখতে চাই।”
ম্যাচ বা অনুশীলনে যেমন, তেমনি ড্রেসিং রুমে বা মাঠের বাইরেও তিনি একই চরিত্র। মাতিয়ে রাখছেন সবাইকে।
“আমি দলকে চাঙা রাখি, সবসময় সবাইকে মজা দেই। সব বিষয়ে মজা করি। একজনের মন খারাপ হয়ত, ওর কাছে গিয়ে নানান মজা করতেছি, নাড়াচাড়া দিচ্ছি, দুষ্টুমি করতেছি, ওর মন ভালো হয়ে যায়। আমি সবার সঙ্গে মজা করি, সবাই আমার সঙ্গে মজা করে।”
দেশের মাটিতে বিশ্বকাপ, লোকের প্রত্যাশা, এসবকে কোনো চাপ মনে করেন না শাওন। বরং এসবেই খুঁজে নেন অনুপ্রেরণার উৎস।
“আমার তো খুব মজা লাগে। সবার এত আগ্রহ, মাঠে নামার পরে দর্শকের চিল্লাচিল্লি, ডাকাডাকি এসব আমার ভালো লাগে। অনেকে হয়ত এসবে চাপ অনুভব করে, কিন্ত আমি এসবে অনুপ্রাণিত হই, ভালো লাগে।”
ড্রেসিং রুমে যেমন তিনি দলের প্রাণভোমরা, ক্রিকেটেও একটা জায়গায় দলের অন্যতম সেরা। দলের সেরা বোলারদের একজন তিনি, অধিনায়কের নির্ভরতা। প্রমাণ রেখে চলেছেন এই বিশ্বকাপেও। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ে উইকেট নিয়েছিলেন দুটি, পরের ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে তিনটি।
