আরও বড় কিছুর অপেক্ষায় নামিবিয়া
প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে উঠলেও তেমন কোনো উদযাপন করেনি নামিবিয়া। বাংলাদেশকে হারিয়ে গ্রুপ সেরা হয়ে, আরও অনেকটা দূর গিয়ে তবেই উদযাপন করতে চায় আইসিসির সহযোগী দেশটি।
প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে উড়িয়ে দেওয়ার পর বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সুপার লিগ কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করেছে নামিবিয়া। যুব বিশ্বকাপে সপ্তমবার অংশ নিয়ে এই প্রথমবার দলটি পার হলো গ্রুপ পর্বের বৈতরণী।
এমন অভাবনীয় সাফল্যে রোমাঞ্চিত নামিবিয়া। সোমবার কক্সবাজার শেখ আবু নাসের স্টেডিয়ামে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সেই রোমাঞ্চের কথা শোনালেন অধিনায়ক জেন গ্রিন।
“খুব রোমাঞ্চকর একটি টুর্নামেন্ট এটি আমাদের জন্য। এই প্রথম আমরা কোয়ার্টার-ফাইনালে খেলছি। আমাদের জন্য স্মরণীয় এক ভ্রমণ। দেশ থেকে অনেক বার্তা পেয়েছি, অনেক শুভকামনা পাচ্ছি।”
কোচ নর্বার্ট মানিয়ান্ডে জানালেন, বাংলাদেশে দলেল সাফল্যের এই রোমাঞ্চের ঢেউ আছড়ে পড়েছে নামিবিয়াতেও।
“যুব বিশ্বকাপে আমরা নিয়মিতই খেলছি। কিন্তু এত ভালো আগে করতে পারিনি। সবাই তাই খুব রোমাঞ্চিত। শুধু ছেলেরা নয়, দেশেও সবাই দারুণ রোমাঞ্চিত, সবাই খুশি।”
নিজেদের ছাড়িয়ে যাওয়ার পর নতুন লক্ষ্যও ঠিক করে ফেলেছে দলটি। কোয়ার্টারে-ফাইনালে ওঠা যে অঘটন নয়, সামনের ম্যাচগুলোয় সেটির প্রমাণ রাখতে চান নামিবিয়ান কোচ।
“বাংলাদেশকে হারিয়ে গ্রুপের সেরা দল হতে চাই আমরা। যতটা সম্ভব ভালো করতে চাই, যতদূর সম্ভব যেতে চাই এই বিশ্বকাপে। এখানে আসার আগেই আমরা জানতাম যে আমরা চমকে দিতে পারি সবাইকে। সেটা আমরা দেখিয়েছিও। এখনও অনেক কিছু করার বাকি আছে। প্রমাণ করতে চাই যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় ফ্লুক ছিল না।”
দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর উদযাপন যা কিছু হয়েছে, সব মাঠেই। মাঠের বাইরে এসেই আবার পরের লক্ষ্য পূরণের প্রস্তুতি শুরু করেছে দলটি। অধিনায়ক গ্রিন যে প্রত্যয় শোনালেন, তাতে নামিবিয়ার পরের প্রতিপক্ষ দলগুলি শঙ্কিত হতেই পারে!
“তেমন কোনো উদযাপন করিনি আমরা। উদযাপন বাকি রেখেছি বিশ্বকাপ শেষের জন্য। এখন আমাদের মনোযোগ সামনের ম্যাচগুলোয়। কালকে আমরা দেখিয়েছি, ক্রিকেটে যে কোনো কিছুই হতে পারে। নিজেদের সামর্থ্যে আমাদের বিশ্বাস আছে, যে কোনো দলকে হারাতে পারি আমরা।”
