জিম্বাবুয়ে ড্রেসিংরুমে হাসছেন সবাই
একটি জয়ে বদলে গেছে জিম্বাবুয়ের ড্রেসিং রুমের পরিবেশ। অতিথিদের ব্যাটসম্যান ম্যালকম ওয়ালার জানালেন, জয়ের দেখা পেয়ে হাসি ফুটেছে তার সতীর্থদের মুখে।
বাংলাদেশে আসার আগে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের কাছে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ হেরে এসেছিল জিম্বাবুয়ে। এর আগে নিজেদের মাটিতেও জিম্বাবুয়ে সিরিজ হেরেছিল আফগানদের কাছে। বাংলাদেশে এসেও হারতে হয়েছে প্রথম দুই ম্যাচ।
অবশেষে বুধবার ধরা দিয়েছে বহু আরাধ্য সেই জয়। তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে হারিয়ে সিরিজে টিকে আছে জিম্বাবুয়ে।
জয়ের অন্যতম নায়ক, ওয়ালার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হাসতে হাসতেই জানালেন, হাসছে এখন তাদের গোটা ড্রেসিং রুম।
“অবশেষে একটি ম্যাচ জিততে পেরে ছেলেরা দারুণ খুশি। ড্রেসিং রুমে অনেক হাসিমুখ দেখা যাচ্ছে, অনেক মজা করছে সবাই। জিততে পেরে ভালো লাগছে। গত কয়েক সপ্তাহে এমন কিছু ম্যাচ ছিল, যা আমাদের জেতা উচিত ছিল; কিন্তু শেষে গিয়ে আমরা পারিনি। আজ পেরে দারুণ লাগছে।”
