২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘৫ পরিবর্তনে হার নয়’

একাদশে বেশি পরিবর্তনকে হারের কারণ বলে মনে করছেন না মাশরাফি বিন মুর্তজা। তৃতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের কাছে হারের জন্য নিজেদের বাজে খেলাকেই দায়ী করেছেন বাংলাদেশের অধিনায়ক।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2016, 09:48 PM

Updated : 12 Apr 2022, 01:15 AM

বুধবারের ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অভিষেক হয় মুক্তার আলী, মোসাদ্দেক হোসেন ও আবু হায়দারের। টি-টোয়েন্টি অভিষেক হয় মোহাম্মদ শহীদের। তামিম ইকবালকে বিশ্রাম দেওয়ায় দলে ফেরেন ইমরুল কায়েস।  

নতুন চেহারার পেস বোলিং আক্রমণ ভালো করতে পারেনি এদিন। অধিনায়ক মাশরাফি ৪ ওভারে ৩৭ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। বিপিএলে দারুণ খেলা আলী হায়দার তার চার ওভারে দুই উইকেট নিলেও রান দেন ৪০।

রান দেওয়ায় পিছিয়ে ছিলেন না শহীদও। ৩ ওভার ৩২ রান দিয়ে তিনি নেন এক উইকেট। আরেক পেসার মুক্তার ২ দুই ওভারে ১৭ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য।

প্রথম শ্রেণির ক্রিকেটে প্রচুর রান করা মোসাদ্দেক টি-টোয়েন্টি অভিষেকে ফিরেন ১৯ বলে ১৫ রান করে। তামিমের জায়গায় সুযোগ পাওয়া ইমরুল (১) দুই অঙ্কে যেতে পারেননি। 

জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচের সিরিজ বাংলাদেশের জন্য পরীক্ষা-নিরীক্ষার। তারপরও এক ম্যাচে চার জনের অভিষেক অতিরিক্ত কি না সেই প্রশ্ন উঠে সংবাদ সম্মেলনে।

তার ব্যাখ্যায় মাশরাফি বলেন, “বাইরে থেকে অবশ্যই মনে হবে। একটি আন্তর্জাতিক ম্যাচে চার জনের অভিষেক হওয়া, সঙ্গে একটি পরিবর্তনকে অবশ্যই মনে করি, বাইরের থেকে তা-ই মনে হবে। শেষ কয়েক দিন তাদের দেখা হচ্ছিল। আমি মনে করি, মাঠের পরিকল্পনাগুলোতে আমরা যথাযথ ছিলাম না। ব্যাটি-বোলিং-ফিল্ডিংয়ে যে সব পরিকল্পনা ছিল সেসব বাস্তবায়ন করতে পারিনি, এই জন্যই আমরা ম্যাচটা হেরেছি।”