২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বড় মঞ্চে এই সাব্বিরকেই চান মাশরাফি

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের ব্যাটিংকে নেতৃত্ব দিচ্ছেন সাব্বির রহমান। তরুণ এই ব্যাটসম্যানকে বড় মঞ্চে একই ছন্দে দেখতে চান অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2016, 10:02 PM

Updated : 12 Apr 2022, 01:15 AM

টি-টোয়েন্টিতে তিন নম্বরে বাংলাদেশের নিয়মিত ব্যাটসম্যান সাকিব আল হাসান। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের জায়গায় এই সিরিজে তিন নম্বরে ব্যাট করছেন সাব্বির। পরীক্ষা-নিরীক্ষার সিরিজে দলকে ব্যাটিং নির্ভরতা যোগাচ্ছেন তিনি।

বুধবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে জিম্বাবুয়ের কাছে ৩১‌ রানে হারা ম্যাচে ৫০ রানের চমৎকার এক ইনিংস খেলেন সাব্বির। তার ৩২ বলের ইনিংসটি কক্ষপথে রেখেছিল স্বাগতিকদের।

এর আগের দুই ম্যাচে ৪৬ ও অপরাজিত ৪৩ রানের দুটি চমৎকার ইনিংস খেলেন সাব্বির। ২৪ বছর বয়সী এই ব্যাটসম্যানের ছন্দে থাকাকে দলের জন্য খুবই ইতিবাচক ব্যাপার হিসেবে দেখেন মাশরাফি।“আমি আশা করবো, সামনে আরও বড় মঞ্চে সেটা এটা চালিয়ে যাক। ও যদি এভাবে রান করতে থাকে, আমার বিশ্বাস, পেছনের ব্যাটসম্যানরা আরও বেশি সাবলীলভাবে ব্যাটিং করতে পারবে। তিন নম্বরে এভাবে ব্যাটিং করা মানে পুরো দলকে চাপমুক্ত করে দেয়া।”