২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোসাদ্দেকের সামর্থ্যে মাশরাফির আস্থা

ঘরোয়া ক্রিকেটে বড় দৈর্ঘ্যের উপযোগী ব্যাটসম্যান হিসেবে বিবেচিত মোসাদ্দেক হোসেন সৈকতের আন্তর্জাতিক অভিষেক হলো টি-টোয়েন্টি দিয়ে। প্রথম ম্যাচে ব্যর্থ তরুণ এই ব্যাটসম্যানের ওপর আস্থা হারাচ্ছেন না অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2016, 09:37 PM

Updated : 12 Apr 2022, 01:15 AM

বুধবার তৃতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের পাহাড় সমান রান তাড়ায় এক সময় ঠিক পথেই ছিল বাংলাদেশ। তবে দল ছন্দ হারায় মাঝপথে। চার নম্বরে নেমে মোসাদ্দেক মেটাতে পারেননি সময়ের চাহিদা। রানের জন্য হাঁসফাঁস করে শেষ পর্যন্ত বোল্ড হয়েছেন সিকান্দার রাজাকে রিভার্স সুইপ খেলতে গিয়ে (১৯ বলে ১৫ রান)। বাংলাদেশ ম্যাচ হেরেছে ৩১ রানে।

অমন চাপের সময় অভিষিক্ত তরুণকে চার নম্বরে নামানো নিয়ে উঠেছে প্রশ্ন। প্রশ্ন আছে মোসাদ্দেককে তড়িঘড়ি করে টি-টোয়েন্টি খেলানো নিয়েও। ঘরোয়া ক্রিকেটে তিনি রানের জোয়ার বইয়ে দিয়েছেন, তবে সবই বড় দৈর্ঘ্যের ম্যাচে। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৪ ম্যাচে ৬টি শতক করেছেন তিনি, এর তিনটিই দ্বিশতক।

দারুণ প্রতিভাবান মোসাদ্দেককে কখনোই টি-টোয়েন্টির উপযোগী মনে করা হয়নি। বিপিএলেও সেটির প্রমাণ মিলেছে। একটু সময় নিয়ে খেলতে পছন্দ করেন, তার ব্যাটিংয়ের ধরনটি ঠিক টি-টোয়েন্টির সঙ্গে যায় না এখনও।

হুট করেই কেন তাহলে টি-টোয়েন্টিকে পরখ করতে হবে মোসাদ্দেককে? ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি জানালেন, সিদ্ধান্তটি ছিল সম্মিলিত।

“এটা আসলে নির্ভর করছে সবার ভাবনার ওপর। সবাই মিলেই সিদ্ধান্ত নেওয়া হয়। সবাই চিন্তা করেছে, সৈকত দারুণ প্রতিশ্রুতিশীল, এজন্যই এক দলে নেওয়া হয়েছে।”

মোসাদ্দেকের ব্যাটিং টি-টোয়েন্টির উপযোগী কিনা, সেই বিতর্কে যেতে চাননি অধিনায়ক। বরং এর মধ্যেও খুঁজে নিতে চাইলেন ইতিবাচক দিক।

“একটা ম্যাচ দেখেই আসলে বিচার করা ঠিক হবে না। বোলিংয়ের সময় কিন্তু চাপের মধ্যেই বেশ ভালো বল করেছে (২ ওভারে ১০ রান)। ব্যাটিং বলব না যে খুব খারাপ করেছে। আরও ভালো ব্যাটিংয়ের সামর্থ্য ওর আছে।”