২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টির সুবিধা নিয়ে মাশরাফি-ওয়ালারের ভিন্নমত

বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার মতে, ক্ষনিকের বৃষ্টিতে বাড়তি সুবিধা পেয়েছিল জিম্বাবুয়ে। তবে জিম্বাবুয়ের ম্যালকম ওয়ালার বৃষ্টির কোনো ভূমিকা দেখছেন না নিজেদের জয়ে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2016, 09:49 PM

Updated : 12 Apr 2022, 01:15 AM

টিপটিপ বৃষ্টিতে বুধবার বাংলাদেশ-জিম্বাবুয়ের তৃতীয় টি-টোয়েন্টিতে টস হয়েছিল ১৫ মিনিট দেরিতে। মাঘের অপ্রত্যাশিত বৃষ্টি আবার হানা দিল জিম্বাবুয়ে ইনিংসের সপ্তম ওভারে। খেলা বন্ধ ছিল ২২ মিনিট।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি বললেন, বৃষ্টি কঠিন করে দিয়েছিল বাংলাদেশের কাজ।

“প্রথমে বৃষ্টি হওয়াতে আমাদের জন্য অসুবিধা হয়েছে। বৃষ্টির পর বল গ্রিপ করতে সমস্যা হচ্ছিল বোলারদের। পরে আমাদের ব্যাটিংয়ের সময় আর বৃষ্টি হয়নি। আমাদের বোলারদের কষ্ট হয়েছে, কিন্তু আউট ফিল্ড শুকিয়ে যাওয়ার কারণে ওদের বোলারদের বল গ্রিপ করতে সমস্যা হয়নি।”

পরে জিম্বাবুয়ের সংবাদ সম্মেলনে মাশরাফির এই অভিমত তোলা হলো ম্যালকম ওয়ালারের কানে। ম্যাচ-সেরা ব্যাটসম্যান উড়িয়ে দিলেন বাড়তি সুবিধা পাওয়ার কথা।

“বৃষ্টিতে আমাদের কাজটাও সহজ ছিল না। বল ভিজে গিয়েছিল, আমাদের স্পিনারা বল গ্রিপ করতে পারছিল না, বোলাররা স্লোয়ার করতে পারছিল না। বাংলাদেশের ব্যাটিংয়ের সময় উইকেট একটু মন্থর হয়েছিল বটে। তবে আমাদের ব্যাটিংয়ের সময় ১২ ওভার ভেজা কন্ডিশনে ব্যাট করতে হয়েছে। বৃষ্টির বড় ভূমিকা ছিল, মোটেও বলা যায় না এটা।”