‘খারাপ করেনি আবু হায়দার’
বিপিএলের চমৎকার পারফরম্যান্সে আবু হায়দারের কাছে প্রত্যাশাটা অনেক বেশি ছিল। টি-টোয়েন্টি অভিষেকে সেই প্রত্যাশার ধারে কাছে যেতে পারেননি এই তরুণ পেসার। তবে প্রথম আন্তর্জাতিক ম্যাচ হিসেবে তার পারফরম্যান্সকে খারাপ বলছেন না অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
বুধবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে অভিষেক হয় হায়দারের। ৩১ রানে হারা ম্যাচে ৪ ওভার বল করে ৪০ রানে দুই উইকেট নেন এই বাঁহাতি পেসার।
বিপিএলে যে মুগ্ধতা হায়দার ছড়িয়েছেন, দেশের হয়ে প্রথম ম্যাচে তেমন কিছু করতে পারেননি তিনি। তবে অধিনায়ক মাশরাফিকে পাশেই পাচ্ছেন এই তরুণ।
“আগেও বলেছি তার ব্যাপারে, সে অবশ্যই প্রমিজিং। প্রথম ম্যাচ হিসেবে খুব খারাপ করেনি রনি। আশা করি, ভবিষ্যতে জাতীয় দল কিংবা ঘরোয়া ক্রিকেট যেখানেই সুযোগ পাবে, খেলতে খেলতে আস্তে আস্তে ভালো করবে।”
সিরিজের শেষ দুই ম্যাচে বাংলাদেশ বিশ্রাম দিয়েছে আরেক বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে। তার সঙ্গে হায়দারের তুলনা করেছেন না মাশরাফি, “সে যার জায়গায় খেলেছে, মুস্তাফিজের সঙ্গে তাকে মেলানোর কোনো সুযোগ নেই।”
