‘বড় শিক্ষা’ মাশরাফির
জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টির হারকে ‘বড় শিক্ষা’ বলে মানছেন মাশরাফি বিন মুর্তজা। প্রতিপক্ষ জিম্বাবুয়েকে প্রাপ্য কৃতিত্বটা দিচ্ছেন বাংলাদেশ অধিনায়ক।
চার ম্যাচ সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি জিতে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। বুধবারও বাংলাদেশই ছিল ফেবারিট। কিন্ত দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সিরিজে টিকে আছে জিম্বাবুয়ে। একাদশে পাঁচ পরিবর্তন এনে আর চার অভিষিক্ত ক্রিকেটারকে নিয়ে লড়াই করতে পারেনি বাংলাদেশ।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নিজেদের দায়টা মেনে নিলেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
“অবশ্যই এটি বড় এক শিক্ষা (এই হার)। বোলিংটা আজ ভালো হয়নি। বৃষ্টিতে জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের সুবিধা হয়েছে, তবে ওদেরকে কৃতিত্ব দিতেই হবে। ব্যাটিংয়েও আমরা পরিকল্পনামতো খেলতে পারিনি।”
শেষ ম্যাচ জিতে সিরিজ জয়ে আশাবাদী বাংলাদেশ অধিনায়ক।
“শেষ ম্যাচে আমাদের খুব ভালোভাবে ঘুরে দাঁড়াতে হবে। আশা করি, আমরা পারব।”
