পরীক্ষা-নিরীক্ষা নিয়ে ভাবেননি মাশরাফি
এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতলেও জয়ের ক্ষুধা কমেনি বাংলাদেশের। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জানিয়েছেন, তৃতীয় ও শেষ ওয়ানডেতে তাদের নিবেদনটা একই রকম থাকবে।
গত সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়েকে ৫৮ রানে হারায় বাংলাদেশ। টানা পাঁচ সিরিজ জয়ের পর মাশরাফি জানান, তৃতীয় ম্যাচে পরীক্ষা-নিরীক্ষার ব্যাপারে কিছু ভাবেননি তিনি।
“দলের ১৪ জনই সেরা ক্রিকেটার, সবাই খেলতে পারে। আর এই জার্সি গায়ে নেমে টানা একশটি ম্যাচ জেতার পরও নিশ্চয়ই চাইবেন না হারতে। আমার বিশ্বাস, সবার নিবেদনটা একইরকম থাকবে। শেষ ম্যাচটাও জয়ের জন্য খেলব।”
চোটের কারণে ওয়ানডে দলে নেই তাসিকন আহমেদ, রুবেল হোসেন ও সৌম্য সরকার। প্রথম ওয়ানডে খেলে ফিরে গেছেন সাকিব আল হাসানও। নিয়মিত খেলোয়াড়দের অনুপস্থিতিতে যারা দলে এসেছেন তারাও ভালো করেছেন।
সিরিজ শুরুর আগেই প্রধান কোচ চন্দিকা হাথুরুসিংহে জানিয়েছিলেন, আন্তর্জাতিক সিরিজ পরীক্ষা-নিরীক্ষার মঞ্চ নয়। কোনো ধরনের পরীক্ষা করতে হলে তারা ‘এ’ দল বা প্রস্তুতি ম্যাচকে বেছে নেবেন।
পরীক্ষা-নিরীক্ষা করা না হলে দলে প্রথমবারের মতো দলে আসা পেসার কামরুল ইসলাম রাব্বি, লেগ স্পিনার জুবায়ের হোসেন ও সাকিবের জায়গায় দলে আসা এনামুল হককে আবারও একাদশের বাইরেই থাকতে হবে।
