২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেতৃত্বের চেয়ে দলের সাফল্যেই খুশি মাশরাফি

বাংলাদেশের অধিনায়ক হিসেবে এই দফার দায়িত্বে এখনও কোনো ওয়ানডে সিরিজ হারেননি মাশরাফি বিন মুর্তজা। তবে নিজের চেয়ে দলের সাফল্যেই বেশি খুশি এই পেসার।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2015, 10:45 PM

Updated : 25 Apr 2022, 02:07 PM

গত বছর জিম্বাবুয়ে সিরিজ থেকে শুরু হয়েছে নতুন মেয়াদে মাশরাফি বিন মুর্তজার অধিনায়কত্ব। সেই থেকে টানা পাঁচটি সিরিজ জিতেছে বাংলাদেশ, প্রখমারের মত কোয়ার্টার-ফাইনাল খেলেছে বিশ্বকাপে।

সোমবার আরও একটি সিরিজ জয়ের পর শের-ই-বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে জানতে চাওয়া হলো অধিনায়ক মাশরাফির অনুভূতি। অধিনায়ক জানালেন, দলের সাফল্যেই উচ্ছ্বসিত তিনি।

“পাঁচটি সিরিজ জয় অবশ্যই আনন্দময়। তবে যতটা না নিজের জন্য, তার চেয়ে দল জিতছে, এটাই বেশি আনন্দের। অধিনায়ক কে, এটা বিষয় না। দল হিসেবে ভালো খেলা আমাদের দায়িত্ব। ভালো করছি আমরা। এভাবে চলতে থাকলে আরও ভালো হবে আশা করি।”

ওয়ানডেতে বাংলাদেশের এই অবিস্মরণীয় জয়যাত্রায় গোটা দলই খুশি, জানালেন মাশরাফি।

“দলের সবাই খুব খুশি। এ রকম একটা বছর গেছে, আমাদের ক্রিকেটের জন্য খুব ভালো। সামনে অনেক বড় বড় চ্যালেঞ্জ আসছে। সে সবের জন্য এই জয়গুলো আত্মবিশ্বাসের জোগান দেবে।”